সাতক্ষীরা প্রতিনিধি
গোপালগঞ্জে সড়ক অবরোধ ও সহিংসতার আশঙ্কায় পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা রুটে দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকেরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুর থেকে এই রুটে বাস চলাচল স্থগিত রাখা হয়েছে।
পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, নিরাপত্তাঝুঁকি বিবেচনায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী কোনো বাস ছাড়বে না।
সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় ও পাটকেলঘাটা এলাকার পরিবহন কাউন্টার সূত্রে জানা গেছে, বুধবার সকালে কয়েকটি বাস পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গিয়েছিল।
তবে দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন পয়েন্টে সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ, যানবাহন ভাঙচুর ও বিশৃঙ্খলার খবর ছড়িয়ে পড়লে পরিবহনসংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
নিরাপত্তার কথা বিবেচনা করে দুপুর থেকেই ওই রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।
তবে যাত্রীদের জরুরি প্রয়োজনের কথা মাথায় রেখে বিকল্প রুট হিসেবে যশোর হয়ে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে সীমিতসংখ্যক বাস চলাচল করছে।

ইমাদ পরিবহনের পাটকেলঘাটা কাউন্টারের ব্যবস্থাপক স্বাধীন জানান, বৃহস্পতিবারের কর্মসূচি ও সার্বিক নিরাপত্তাঝুঁকি বিবেচনায় এই রুটে কোনো বাস ছাড়বে না।
একই তথ্য নিশ্চিত করে এসকে পরিবহনের সাতক্ষীরা কাউন্টারের ব্যবস্থাপক জহির রায়হান বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় চালক, শ্রমিক ও মালিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।’
এদিকে গোপালগঞ্জের এই অস্থিরতার কারণে কেবল সাতক্ষীরাই নয়, খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আরও কয়েকটি জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
হঠাৎ সরাসরি রুটের বাস বন্ধ হয়ে যাওয়ায় জরুরি কাজে ঢাকাগামী যাত্রী ও চাকরিজীবীরা চরম বিপাকে পড়েছেন। বিকল্প পথে যাতায়াতে সময় ও ভোগান্তি—দুটোই বাড়ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়া এবং প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত পদ্মাসেতু রুটে বাস চলাচল বন্ধ রাখার পক্ষে অবস্থান নিয়েছেন পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।