খুলনা প্রতিনিধি
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) চেয়ারম্যান এস এম আমীর হামজা শাতিলের বাড়ি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টা ২১ মিনিটে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের সরকারি মহিলা কলেজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আমীর হামজা শাতিল জানান, ঘটনার সময় তার চাচা ও পরিবারের অন্য সদস্যরা ওই বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই যুবক বাড়িটি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা ছুড়ে মেরে দ্রুত পালিয়ে যায়।
বোমাগুলো বাড়ির সামনের রাস্তায় বিস্ফোরিত হওয়ায় ঘরবাড়ি বা কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তার অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।
এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নানাভাবে হুমকি দেওয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয় সূত্র জানিয়েছে, বোমা বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পাশাপাশি, হামলার একটি সংক্ষিপ্ত ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফকিরহাট মডেল থানার ওসি রজিউল্লাহ খান জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এই নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।