ঝিনাইদহ প্রতিনিধি
ছেলের মরদেহ দাফনের জন্য চার ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন নাশকতা মামলায় ঝিনাইদহ জেলা কারাগারে বন্দী কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের সাবেক ওয়ার্ড যুবলীগ নেতা মিটুল তরফদার। রোববার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে তিনি বাড়িতে পৌঁছান বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
মিটুল তরফদার কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের বড় ডাউটি গ্রামের তবারক তরফদারের ছেলে।
মিটুল তরফদারের ছোট ছেলে আশিকুর রহমান (১৭) রোববার সকালে মারা যায়। জন্ম থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন আশিকুর দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল।
মিটুলের ভাই মোবারক হোসেন তরফদার বলেন, ১৫ অক্টোবর গ্রেপ্তারের পর তার ভাই গত ১৬ অক্টোবর থেকে ঝিনাইদহ জেলা কারাগারে বন্দী রয়েছেন। রোববার সকালে ভাইয়ের ছোট ছেলে মারা গেলে মরদেহ দাফনের জন্য তাকে প্যারোলে মুক্তি দিতে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করা হয়। পরে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে কারারক্ষীরা তাকে বাড়িতে নিয়ে আসেন।
তিনি আরও বলেন, আশিকুর জন্ম থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন ছিল। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তাকে নিয়মিত চিকিৎসা ও ওষুধ দেওয়া হতো। ছেলের মরদেহ দাফনের জন্য ভাইকে বাড়িতে আসার সুযোগ দেওয়া হয়েছে। দাফন শেষে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, মিটুল তার ছেলের ওষুধ কিনতে গত ১৫ অক্টোবর কালীগঞ্জ উপজেলার কোলা বাজারে গেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি ঝিনাইদহ জেলা কারাগারে বন্দী রয়েছেন।