যশোর, বাংলাদেশ || সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ছেলের বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না বাবার, ট্রাকচাপায় মৃত্যু; সংকটে মা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৭:১৭ পিএম
ছেলের বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না বাবার, ট্রাকচাপায় মৃত্যু; সংকটে মা

ছেলের বিয়ের আনুষ্ঠানিকতায় যোগ দিতে যাচ্ছিলেন আব্দুল আজিজ (৫০)। কিন্তু সেই অনুষ্ঠানে আর পৌঁছানো হলো না। পথে ট্রাকের চাপায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী রোকেয়া খাতুন। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর-ভেটখালী সড়কের পেচোর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে শ্যামনগর উপজেলার গোডাউন মোড় এলাকায় বসবাস করতেন। তার পৈতৃক বাড়ি জয়নগর গাজীবাড়ি এলাকায়।

পরিবারের সদস্যরা জানান, আব্দুল আজিজের ছোট ছেলে ওসামা গাজীর বিয়ে হয়েছিল এক সপ্তাহ আগে। সোমবার কনের বাড়ি শ্যামনগরের কৈখালী এলাকায় বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা ছিল।

সেই অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের অন্য সদস্য ও আত্মীয়স্বজন একটি মাইক্রোবাসে আগেই রওনা হন। পরে স্ত্রী রোকেয়া খাতুনকে নিয়ে মোটরসাইকেলে রওনা দেন আব্দুল আজিজ।

পথে পেচোর মোড় এলাকায় ভেটখালী থেকে বংশীপুরগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল আজিজের মৃত্যু হয়। গুরুতর আহত হন তার স্ত্রী রোকেয়া খাতুন। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রোকেয়া খাতুনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকিল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাবার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ওসামা গাজী।

ওসামার বড় ভাই বাপ্পি গাজী জানান, পরিবারের সবাই বিয়ের আনুষ্ঠানিকতায় যোগ দিতে যাচ্ছিলেন। তারা মাইক্রোবাসে আগেই চলে যান। তাদের বাবা-মা মোটরসাইকেলে রওনা দিয়েছিলেন। পথেই দুর্ঘটনা ঘটে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও এর চালক পুলিশের হেফাজতে রয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছেলের বিয়ের আনুষ্ঠানিকতাকে ঘিরে যে পরিবারে আনন্দের প্রস্তুতি চলছিল, সেখানে এখন শোকের মাতম। বাবাকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন ওসামা। অন্যদিকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মাকে নিয়ে উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্যরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)