দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় শিশু যৌন পাচার (সিএসটি) প্রতিরোধ এবং ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে রেফারেল ব্যবস্থা জোরদারের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দেবহাটা মডেল মসজিদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সাতক্ষীরা জেলায় কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) ও কমিউনিটিভিত্তিক সংগঠনের (সিবিও) প্রতিনিধিরা অংশ নেন।
রাইটস যশোরের বাস্তবায়নে এবং দ্য ফ্রিডম ফান্ডের কারিগরি ও আর্থিক সহায়তায় পরিচালিত ‘এনহ্যান্সিং প্রোটেকশন অফ চাইল্ড সেক্স ট্রাফিকিং সারভাইভারস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় সভাটির আয়োজন করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমির সিদ্দিকী।
রাইটস যশোরের পক্ষে বক্তব্য দেন প্রকল্প কর্মকর্তা মো. আতিকুর রহমান। সভায় বিষয়ভিত্তিক উপস্থাপনা ও সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, শিশু যৌন পাচার প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ঝুঁকিতে থাকা শিশুদের দ্রুত শনাক্ত করে তাদের প্রয়োজনীয় সেবা ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করা জরুরি।
তারা আরও বলেন, কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে কোনো শিশু সহিংসতা, নির্যাতন বা পাচারের ঝুঁকিতে পড়লে দ্রুত প্রয়োজনীয় সহায়তা পেতে পারে।
শিশুদের সুরক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।