যশোর, বাংলাদেশ || সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার ও বাজারজাতকরণ বন্ধের আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৪:০২ পিএম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার ও বাজারজাতকরণ বন্ধের আহ্বান

সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার এবং বিষযুক্ত মাছ বাজারজাতকরণ বন্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে জনসচেতনতামূলক র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

একই সঙ্গে সুন্দরবনের জলজ প্রাণবৈচিত্র্য রক্ষায় সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বক্তারা।

সোমবার (২৩ নভেম্বর) বুড়িগোয়ালিনী ইউনিয়ন গ্রিন কোয়ালিশন ও কলবাড়ী ইউনাইটেড ক্লাবের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে কলবাড়ী বাজার মৎস্য বণিক সমিতি ও বারসিক। উপজেলার সুন্দরবনসংলগ্ন কলবাড়ী মৎস্য আড়ত থেকে র‍্যালিটি বের হয়ে স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে ‘বিষ দিয়ে মাছ ধরব না, বিষ দেওয়া মাছ বিক্রি করতে দেব না, বিষ দেওয়া মাছ কিনব না’—এই তিনটি অঙ্গীকার তুলে ধরা হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তারা সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ আহরণের ক্ষতিকর দিক তুলে ধরেন। এ অপচর্চা বন্ধে জেলে, মৎস্য ব্যবসায়ী, আড়তদার ও সাধারণ ভোক্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

পথসভায় সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন গ্রিন কোয়ালিশনের সভাপতি ও স্থানীয় শিক্ষক মো. মুহসিন বিল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন কলবাড়ী ইউনাইটেড ক্লাবের যুগ্ম আহ্বায়ক মো. সেলিমুর রাজী বাপ্পি।

সভায় বক্তব্য দেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জিল্লুর রহমান, কলবাড়ী ইউনাইটেড ক্লাবের আহ্বায়ক মো. ফরহাদ হোসেন মুন্না, বুড়িগোয়ালিনী ইউনিয়ন গ্রিন কোয়ালিশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, মো. ওয়াহিদুল ইসলাম, মো. আফজাল হোসেন, আবু মোছা ময়না, মো. মিজানুর রহমান, মো. রহমত আলী, মো. রফিকুল ইসলাম, বারসিকের মফিজুর রহমান, মারুফ হোসেন, স.ম. ওসমান গনী সোহাগ ও জুবায়ের আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, সুন্দরবন শুধু বনাঞ্চল নয়; এটি অসংখ্য জলজ প্রাণীর আবাসস্থল এবং বননির্ভর মানুষের জীবন-জীবিকার অন্যতম উৎস। কিন্তু নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের প্রবণতা বন, জলজ প্রাণবৈচিত্র্য, জনস্বাস্থ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।

তাদের মতে, বিষ প্রয়োগের ফলে মাছের পোনা, ছোট-বড় মাছ, চিংড়ি, কাঁকড়া ও অন্যান্য জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে। দূষিত হচ্ছে নদী-খালের পানি। ব্যাহত হচ্ছে মাছের প্রজনন ও প্রাকৃতিক খাদ্যশৃঙ্খল। বিষযুক্ত মাছ মানুষের স্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ। এ ছাড়া মাছের প্রাকৃতিক মজুত কমে যাওয়ায় প্রকৃত জেলে ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

পথসভা থেকে কলবাড়ী বাজারের মৎস্য আড়তে বিষ দিয়ে আহরিত মাছের ক্রয়-বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণ বন্ধের আহ্বান জানানো হয়। একই সঙ্গে এ ধরনের মাছ শনাক্ত করে বাজারে প্রবেশ ঠেকানো, এর ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)