চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে নারী কর্মকর্তা-কর্মচারীদের সুবিধার্থে নামাজের স্থান, ব্রেস্টফিডিং কর্নার ও ডে-কেয়ার কর্নার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এসব সুবিধার উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
কর্নারটিতে নারীদের জন্য রয়েছে একটি সুসজ্জিত নামাজের কক্ষ এবং শিশুকে বুকের দুধ পান করানোর জন্য আলাদা কক্ষ। এ ছাড়া বিশ্রামের জন্য রয়েছে বসার ব্যবস্থা।
উদ্বোধনের পর বিভিন্ন সুবিধা ঘুরে দেখেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। এ সময় তিনি বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে নারী সহকর্মীদের জন্য আগে ব্রেস্টফিডিং কর্নার, নামাজের স্থান ও ডে-কেয়ার সেন্টারের ব্যবস্থা ছিল না। বিষয়টি বিবেচনায় নিয়ে নারীদের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, কার্যালয়ে অনেক নারী সহকর্মী রয়েছেন, যারা ছোট শিশু নিয়ে অফিস করেন। এ উদ্যোগের ফলে কর্মজীবী মায়েরা কাজের পাশাপাশি স্বাচ্ছন্দ্যে সন্তানকে বুকের দুধ পান করাতে পারবেন এবং যথাসময়ে নামাজ আদায় করতে পারবেন।
প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহারে নারীবান্ধব কর্মপরিবেশের যে অঙ্গীকার রয়েছে, তা বাস্তবায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে নারীরা কর্মক্ষেত্রে আরও মনোযোগী হতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. তারিক উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ. বি. এম. খালিদ হোসেন সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ হুমায়ুন কবির, রেভিনিউ ডেপুটি কালেক্টর এসএম আশিক মোস্তাজ, নেজারত ডেপুটি কালেক্টর ফাহাদ চৌধুরী, সহকারী কমিশনার আবদুল্লাহ আল শামীম এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান প্রমুখ।