লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
'আমি এহানে ডাক্তার দেখাতি আইছি। চোখি সমস্যা ছেলো, বিনামূল্যে ডাক্তার দেহাইছি, চশমাও দেছে। পাঁচ বছর যাবৎ চোখি সমস্যায় ভুগতিছি। আগেও একবার এহানে ডাক্তার দেহাইছি।’
বিনামূল্যে চক্ষুচিকিৎসা পেয়ে খুশি মনে এসব কথা বলেন দীপালি দাস।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়ন পরিষদে বিনামূল্যে চক্ষুচিকিৎসা প্রদান করা হয়। সেখানে প্রায় ৭০০ রোগী চিকিৎসা নেন। দীপালি দাস তাদের একজন। তার বাড়ি ওই ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে।
গাছবাড়িয়া গ্রামের মুন্সি জাহিদুর রহমান বলেন, 'এখানে ফ্রি ডাক্তার আইছে শুনে আইসে ডাক্তার দেহাইছি। আমারে অপারেশনের কথা বলছে। কিন্তু আমি অপারেশন হবো না। পরে ফ্রি একটা ওষুধ দেছে, আরেকটক বাইরে থেকে কিনতি কইছে।'
বিনামূল্যে চক্ষুচিকিৎসার এই আয়োজন করেছেন খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ। এতে সহযোগিতায় করেছে খুলনার রূপসার রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতাল।
এসময় সেবা নেওয়া রোগীদের মধ্যে প্রয়োজন অনুযায়ী ৩৫০ জনকে ওষুধ এবং ৩০০ জনকে চশমা প্রদান করা হয়। ১১০ জন ছানি রোগী বাছাই করা হয়। তাদের মধ্যে ৫০ জনকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়েছে৷ ছানি রোগীদের খুলনায় নিয়ে বিনামূল্যে অপারেশন করা হবে।
চেয়ারম্যান হওয়ার পর তৃতীয় বারের মতো এই আয়োজন করেছেন জানিয়ে বিএম বরকত উল্লাহ বলেন, 'এর আগে ২০১০ সাল থেকে বিনামূল্যে চিকিৎসাসেবার ১২টি ক্যাম্প করেছি। আজকে আমার পক্ষ থেকে বিনামূল্যে রোগীদের ওষুধ-চশমা প্রদান করা হয়েছে। আর ছানি পড়া রোগীদের যাতায়াত থেকে শুরু করে থাকা-খাওয়াসহ সমস্ত খরচ বহন করবে রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।'