ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোস্তাফিজুর রহমানকে বদলি করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে খুলনার বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।
তার বদলির খবরে স্থানীয় সেবাপ্রত্যাশী ও সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমান ঝিনাইদহ সদর হাসপাতালে যোগদানের পর হাসপাতালের সেবার মান ও শৃঙ্খলায় ব্যাপক পরিবর্তন আসে। চিকিৎসক ও কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক হাজিরা চালু, পরিচ্ছন্নতা বৃদ্ধি, খাবারের মানোন্নয়ন, অক্সিজেন ও বিশুদ্ধ পানির ব্যবস্থাসহ নানা উদ্যোগ নেন তিনি। এ ছাড়া হাসপাতালের কেনাকাটায় স্বচ্ছতা ফিরিয়ে আনায় ব্যয় কমে আয় বাড়ে।
ঝিনাইদহ উন্নয়ন সমন্বয় সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, ২০২৪-২৫ অর্থবছরে হাসপাতালের অ্যাম্বুলেন্সের জ্বালানি বাবদ ৬৫ লাখ টাকা খরচ হয়েছিল। মোস্তাফিজুর রহমান দায়িত্ব নেওয়ার পর ২০২৫-২৬ অর্থবছরে তা কমিয়ে ৩০ লাখ টাকায় নামিয়ে আনেন।
আগে হাসপাতালের সাইকেল স্ট্যান্ডের দরপত্র কখনো ৮০ হাজার টাকার ওপরে ওঠেনি। তিনি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে তা পাঁচ লাখ ২০ হাজার টাকায় ইজারা দেন, যা মসজিদ সংস্কার ও রোগী কল্যাণ সমিতির তহবিলে জমা হয়েছে।
এমন একজন কর্মকর্তাকে বদলি করা ঝিনাইদহবাসীর জন্য দুর্ভাগ্যজনক।
স্থানীয় ব্যবসায়ী ফখরুদ্দীন মুন্না বলেন, একসময় রোগীরা হাসপাতালের খাবার নিতে চাইতেন না। কিন্তু বর্তমান তত্ত্বাবধায়কের তদারকিতে স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না ও সপ্তাহে দুই দিন খাসির মাংস পরিবেশন শুরু হওয়ায় রোগীরা আগ্রহ নিয়ে খাবার গ্রহণ করেন।
এছাড়া অস্ত্রোপচার এড়িয়ে স্বাভাবিক প্রসবের বিষয়ে গর্ভবতী মায়েদের নিয়মিত পরামর্শ দেওয়ার উদ্যোগও প্রশংসিত হয়েছে।
বদলির বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঝিনাইদহে যোগদানের পর সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি খাতে স্বচ্ছতা নিশ্চিত করে নাগরিকদের সেবা দেওয়ার চেষ্টা করেছি। এর বাইরে কিছু নয়।’