খুলনা অফিস
গুলি করার পর মোবাইলফোনে ব্যবসায়ীকে শাসানো হয়েছে, ‘রেস্টুরেন্টে করেছি, এবার তোকে গুলি করবো।’
মঙ্গলবার বিকেলে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন গাজী মেডিকেল কলেজের সামনে অবস্থিত পালংকি রেস্টুরেন্টে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ছুঁড়ে তারা পালিয়ে যায়। ঘটনার পর মোবাইলফোনে রেস্টুরেন্ট মালিককে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষের অভিযোগ, রেস্টুরেন্টটি চালুর পর থেকেই ‘বি কোম্পানি’র সদস্য পরিচয়ে কয়েক ব্যক্তি ফোনের মাধ্যমে চাঁদা দাবি করে আসছিল। অব্যাহত হুমকির কারণে বেশ কয়েক দিন রেস্টুরেন্টটি বন্ধ রাখতে বাধ্য হন তারা।
মঙ্গলবার দুপুরে পুলিশের হস্তক্ষেপে রেস্টুরেন্টটি ফের চালু করা হয়। তবে চালুর কয়েক ঘণ্টার মধ্যেই মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা রেস্টুরেন্ট লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আরও জানায়, গুলির ঘটনার কিছুক্ষণ পর মোবাইলফোনে কল করে বলা হয়, ‘তোর রেস্টুরেন্টে গুলি করেছি, এখন তোকে গুলি করবো।’ এতে রেস্টুরেন্টের মালিকসহ সংশ্লিষ্ট সবাই আতঙ্কের মধ্যে রয়েছেন।
খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
এরআগে আরো দুই স্থানে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। এতে অবশ্য হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে, চরম আতংক সৃষ্টি হয়েছে নগরজুড়ে।
দুপুর দেড়টার দিকে রুপসার বেলায়েত হোসেন সড়কে আবু সাঈদ নামে এক যুবককে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ জানায়, আবু সাঈদও একজন সন্ত্রাসী। খুলনার বিভিন্ন থানায় তার নামে মামলা রয়েছে।
দুপুর আড়াইটার দিকে লবনচরা থানা এলাকায় টুটুল নামে এক পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, টুটুল একজন পরিবহন ব্যবসায়ী। মামুন নামে এক ব্যক্তি দীর্ঘদিন তার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। কয়েক মাসের বকেয়া ভাড়া নিয়ে মামুনের সাথে তার বাকবিতণ্ডা হয়। কয়েকদিন আগে ভিডিওকলে নগরীর শীর্ষ সন্ত্রাসী নুর আজিমের ছবি দেখিয়ে মামুন বলে একে চিনতে পেরেছেন। উত্তরে তাকে চেনেন না বলে জানান। এরপর মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কয়েকজন সন্ত্রাসী বাড়ির পেছন থেকে তার বাড়িতে প্রবেশ করে দু’রাউন্ড গুলি করে। লবণচরা থানার এসআই সাইফুল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।