স্টাফ রিপোর্টার
, যশোর:
প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমনকে সামনে রেখে যশোর উন্নয়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় একাধিক সংগঠন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা), 'স্থানীয় প্রতিকার' ও সচেতন নাগরিক সমাজ‘, ‘জাতীয় তরুণ সংঘ’ যশোর জেলা শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ফজলুল হক।
তিনি যশোর-বেনাপোল মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে রূপান্তর, যশোরকে পর্যটন নগরী ঘোষণা, বসুন্দিয়াকে ইপিজেড থানা ঘোষণা, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ এবং একটি আধুনিক শিশু পার্ক স্থাপনের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, যশোরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অরাজনৈতিক সংগঠনগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আবু মুরাদ বলেন, ‘আমাদের এই দাবিগুলো বাস্তবায়িত হলে শুধু যশোর নয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আরও ২২টি জেলার মানুষ সরাসরি উপকৃত হবে।’
মানববন্ধনে মতিউর রহমান চাকলাদার, নুরুজ্জামান, লতা মাহমুদ হাসানসহ বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।