অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ব্যবসায়ী আনিছুর রহমানের খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতি এবং অভয়নগর নওয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
সভা থেকে বুধবার (১৩ মে) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার বিকেলে নওয়াপাড়া রেলস্টেশন বাজার থেকে বিক্ষোভ মিছিলটি নওয়াপাড়া নূরবাগ বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। পরে জেলা পরিষদ মার্কেটের সামনে যশোর-খুলনা মহাসড়কে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণি সরদার, সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, সহ-সভাপতি মশিয়ার রহমান মশি, সহ-সভাপতি নূর আলম পাটোয়ারী, যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, উপদেষ্টা ও নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, অভয়নগর নওয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদের সভাপতি ও সাবেক পৌর মেয়র রবিউল হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাঘা, যশোর জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মোল্যা, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদ রানা প্রমুখ। সভা সঞ্চালনা করেন শ্রমজীবী সমন্বয় পরিষদের সহ-সভাপতি মোল্যা হাবিবুর রহমান হাবিব। পথসভা চলার সময় প্রায় এক ঘন্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
সভায় বক্তারা বলেন, নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও মেসার্স জয়েন্ট ট্রেডিং কর্পোরেশনের পরিচালক আনিছুর রহমান হত্যাকাণ্ডের ৫দিন অতিবাহিত হয়েছে। অথচ পুলিশ এখনো হত্যাকাণ্ডের প্রধান আসামি শাহ মো. মাহমুদসহ জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি। প্রধান অভিযুক্তসহ হত্যাকাণ্ডে জড়িত সকলের গ্রেপ্তারের দাবিতে বুধবার (১৩ মে) শিল্প ও বন্দরনগরী নওয়াপাড়ায় সকাল-সন্ধ্যা হরতাল পালনের আহ্বান জানান বক্তারা।