নড়াইল প্রতিনিধি
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
মানবাধিকার ও নারী-শিশু নিরাপত্তার প্রশ্নে আয়োজিত এ কর্মসূচি থেকে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতিই দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বাড়িয়ে দিচ্ছে।
শুক্রবার বিকেলে নড়াইল প্রেসক্লাবের সামনে বন্ধুসভার আয়োজনে এ মানববন্ধনে শিক্ষক, সাংবাদিক, চিত্রশিল্পী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শুভ সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ লাবলু, কাজী হাফিজুর রহমান, সাংবাদিক হাফিজুল নিলু, চিত্রশিল্পী ধর্মদাস মল্লিক, প্রীতি রবি দাস, জান্নাতি খানম, রাবেয়া খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন কেবল একটি অপরাধ নয়, এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। সমাজে আইনের শাসন দুর্বল হয়ে পড়ায় এবং অতীতের অনেক ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা বারবার একই ধরনের অপরাধ করার সাহস পাচ্ছে।