পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
জাতীয় শিক্ষা পদক-২০২৬ এ খুলনা জেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’ নির্বাচিত হয়েছেন পাইকগাছা উপজেলার ওয়াসিউজ্জামান চৌধুরী।
তার এই গৌরবময় অর্জনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা, সততা, জবাবদিহিতা এবং জনবান্ধব কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা লাভ করেছেন।
দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি শিক্ষা খাতের উন্নয়ন, নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদান এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, ওয়াসিউজ্জামান চৌধুরীর দক্ষ নেতৃত্বে পাইকগাছা উপজেলার শিক্ষা, প্রশাসন ও সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। তার এই অনন্য অর্জনে পুরো উপজেলাবাসী গর্বিত ও আনন্দিত।