তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়ায় মঙ্গলবার (২৬ মে) সকালে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে নাসিম ফকির (৩২) নামের এক যুবক নিহত এবং মেহেদী (২৫) নামের অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন।
নিহত নাসিম ফকির উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের হাফিজুল ফকিরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী ওই দুই যুবক চুকনগরের অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে তেঁতুলিয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের (যার নম্বর- ঢাকা মেট্রো-অ ১৪-১৫৫৪) সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপের নিচে আটকে যায় মোটরসাইকেলটি।
ঘটনাস্থলেই মৃত্যু ঘটে একজনের এবং অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন স্থানীয়রা। পরে তালা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে তেঁতুলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার ও আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।