লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইল জেলার লোহাগড়া পৌরসভার উন্নয়ন বিষয়ক বিশেষ পরিকল্পনা (সিআইপি) প্রণয়নের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টায় লোহাগড়া উপজেলা পরিষদ হলরুমে বিশ্বব্যাংকের আয়োজনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও লোহাগড়া পৌরসভার প্রশাসক সুস্মিতা সাহা। পৌর প্রশাসক সুস্মিতা সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালার মূল বক্তব্য ও ধারণাপত্র উপস্থাপন করেন বিশ্বব্যাংক প্রতিনিধি দলের টিম লিডার এবং পরিবেশ বিশেষজ্ঞ আহসান ইমাম।
এ সময় বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন আর্কিটেক্ট ফারহানা ইসলাম, অফিস ইঞ্জিনিয়ার মাহমুদ শামসুর রহমান, সমাজ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ তরিকুল ইসলাম ও মো. হাসিবুল হক। এছাড়া লোহাগড়া পৌরসভার সচিব মো. তৌফিকুল ইসলামও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই কর্মশালায় লোহাগড়ায় কর্মরত বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, নারী উদ্যোক্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় লোহাগড়া পৌর ভবন নির্মাণ, উন্নত ড্রেনেজ ব্যবস্থাপনা, সড়ক ও অবকাঠামোগত উন্নয়ন, দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, আধুনিক সুপারমার্কেট নির্মাণ, পার্ক ও বিনোদন কেন্দ্র স্থাপন এবং পাবলিক টয়লেট নির্মাণসহ সার্বিক নাগরিক সেবার মান উন্নয়নে বিভিন্ন চাহিদা নিরূপণ ও আলোচনা করা হয়।