অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রিয়াজ হোসেন প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী গ্রামের মনসুর আলীর ছেলে। তার বিরুদ্ধে অভয়নগর থানায় ডাকাতি, ছিনতাই, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রিয়াজ হোসেন এলাকায় সন্ত্রাসী প্রকৃতির যুবক হিসেবে পরিচিত ছিলেন। মাদকের সঙ্গেও তার গভীর সংশ্লিষ্টতা ছিল। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কে বা কারা ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রিয়াজকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মোহাম্মদ সবুজ বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে রিয়াজ হোসেন নামে এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
এ ব্যাপারে আজ বুধবার সকালে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, দুর্বৃত্তদের হামলায় রিয়াজ হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে অভয়নগর থানায় ডাকাতি, ছিনতাই ও মাদকের অন্তত ছয়টি মামলা রয়েছে।
মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকে পুলিশি অভিযান শুরু হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান ওসি।