চুয়াডাঙ্গা প্রতিনিধি
আলমসাধুর ধাক্কায় চুয়াডাঙ্গার জীবননগরে একজন পাখিভ্যান চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে জীবননগর উপজেলার সন্তোষপুর সড়কের দেহাটি শাহা ইটভাটা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
নিহত রিপন হোসেন (৫০) জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের ব্রীজপাড়ার মহিউদ্দিনের ছেলে।
জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান , শনিবার সকালে রিপন হোসেন বাড়ি থেকে পাখিভ্যান চালিয়ে আন্দুলবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। তিনি দেহাটি শাহা ইটভাটার সামনে পৌছুলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি আসমসাধু তার পাখিভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে পাখিভ্যানচালক রিপন হোসেন রাস্তার ওপর ছিটকে পড়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওসি বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। সুরতহাল সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনরা কোনো মামলা করতে আগ্রহী নন। এ কারণে ময়নাতদন্ত ছাড়াই নিয়মতান্ত্রিক পদ্ধতিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’