স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালি গ্রামের আব্দুল মান্নান হত্যা মামলায় ভাই আব্দুল হান্নানসহ পরিবারের তিন সদস্যকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই মিলন হোসেন। অভিযুক্তরা হলো, আব্দুল হান্নান ও তার স্ত্রী রেশমা বেগম এবং ছেলে রহমতুল্লাহ।
মামলার অভিযোগে জানা গেছে, গত ১২ জুলাই দুপুরে বৈদ্যুতিক মিটার ভাঙা নিয়ে বিরোধের জেরে মারামারিতে আব্দুল মান্নান গুরুতর আহত হন। এ ঘটনায় আব্দুল মান্নানের মেয়ে সুমাইয়া খাতুন বাদী হয়ে চাচা-চাচি ও চাচাতো ভাইকে আসামি করে মণিরামপুর থানায় মামলা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মান্নান ঢাকায় মারা যান। মামলার অভিযোগের ভিত্তিতে ওই তিনজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় আব্দুল হান্নান ও তার ছেলে রহমতুল্লাহ।
এ মামলার তদন্তকালে আটক আসামিদের আদালতে দেওয়া জবানবন্দি ও সাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকায় ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।
চার্জশিটে অভিযুক্ত তিনজনকে আটক দেখানো হয়েছে।