কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
গভীর নলকূপ (ডিপ টিউবওয়েল) দখল সংক্রান্ত ষড়যন্ত্রের প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন সমিতির সদস্যরা।
মঙ্গলবার বিকেলে নলভাঙ্গা বাজারের জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন শাহিনুর রহমান নামে সমিতির একজন সদস্য। এ সময় সমিতির ১৫ জন সদস্য উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৯৮৪ সালে গ্রামের ২১ জনকে নিয়ে বিআরডিবি নিয়ন্ত্রণাধীন ইঞ্জিনচালিত গভীর টিউবওয়েল নলভাঙ্গার সৈয়দ আলী বিশ্বাসের জমিতে স্থাপন করা হয়। এর অধীনে প্রায় আড়াইশ’ বিঘা জমি চাষ হয়ে আসছে। টিউবওয়েলটি জমিরুল ইসলাম নামে এক সদস্য পরিচালনা করতেন। কয়েক বছর পর ওই টিউবওয়েলের ফ্যানে জড়িয়ে তার দুই হাত ক্ষতিগ্রস্ত হয়। পরে সমিতির সদস্য ও জমির মালিক সৈয়দ আলী বিশ্বাসের ছেলে মাহবুবুর রহমানকে টিউবওয়েল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।
কিন্তু মাহবুবুর রহমান চালাকি করে সমিতির মিটার বদলে নিজের নামে করে নেন।
২০১৫ সালে মাহবুবুর রহমান আওয়ামীলীগের স্থানীয় নেতা কালাম চেয়ারম্যান ও স্থানীয় ইউপি মেম্বার কামাল হোসেনের নেতৃত্বে জোরপূর্বক গভীর নলকূপটি নিজের দখলে নেন। এরপর থেকে প্রায় দশ বছরের বেশি সময় নলকূপ থেকে আয়ের কোনও হিসাব না দিয়ে তিনি নিজেই ভোগ করেছেন। এ নিয়ে একটি মামলাও চলছে।
সর্বশেষ, চলতি বছরের জুন মসে স্থানীয় কৃষকদের সাথে আলোচনা করে আমরা প্রকৃত সমিতির সদস্যরা ফের নলকূপটি নিয়ন্ত্রণে নিয়েছি বলে সংবাদ সম্মেলনে বলা হয়।
তারা জানায়, এখন মাহবুবুর রহমান ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠকও হয়। কিন্তু সেখানে কোনও সুরাহা না হওয়ায় থানায় উভয়পক্ষকে নিয়ে বসাবসি হয়েছে। বৈঠক থেকে জালাল হোসেন ও আজিজুল লস্কার নামে দুইজন নলকূপের দখল মাহবুবুর রহমানকে ফিরিয়ে দেওয়ার জন্যে হুমকি দেয়।
টিউবওয়েলটি সমিতির প্রকৃত সদস্যদের হাতে বুঝিয়ে দেওয়ার জন্য সংবাদ সম্মেলনে আহবান জানানো হয়েছে।
সম্মেলনে শাহাজ্জেল হোসেন, জামির হোসেন, ইয়াকুব আলী ও আজিজুলসহ ১৫ সদস্য উপস্থিত ছিলেন।