সুবর্ণভূমি ডেস্ক
আগামী ৩ আগস্ট প্রেসক্লাব যশোরের বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়েছে।
ওইদিন ক্লাব মিলনায়তনে এই বিশেষ সাধারণ অনুষ্ঠিত হবে বলে প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ জুলাই প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটির মুলতবি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু।
সভায় জানানো হয়, ইতিপূর্বে আগামী ৩১ অক্টোবর প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু সদস্যদের পক্ষ থেকে দেওয়া এক স্মারকলিপির মাধ্যমে এতে আপত্তি এনে ৭ আগস্টের মধ্যে নির্বাচনের দাবি তোলা হয়। এ ব্যাপারে ওই সকল সদস্যের প্রতিনিধিত্বকারীদের সাথে আলাপ-আলোচনার পরও ঐকমত্যে পৌঁছাতে না পারায়, এ ব্যাপারে গঠনতান্ত্রিক পন্থায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে যথাযথ সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে বিশেষ সাধারণ সভা করা হবে।
এছাড়া সভায় সিদ্ধান্ত হয়, প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে ক্লাবের ভোটার তালিকা হালনাগাদ করা হবে। গঠনতন্ত্রের বিধি অনুযায়ী হালনাগাদ ভোটার তালিকা প্রকাশের পূর্বেই আগামী ৩১ জুলাই ২০২৬ তারিখের মধ্যে মাসিক চাঁদা হালনাগাদ করাসহ সকল বকেয়া (ঘরভাড়া বা অন্য কোনো দায়-দেনা যদি থাকে) পরিশোধ করতে হবে।
সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সহসভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ, কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, কার্যনির্বাহী সদস্য শহিদ জয়, হাবিবুর রহমান মিলন, সফিক সায়ীদ, সাইফুর রহমান সাইফ ও আব্দুল ওয়াহাব মুকুল।