পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনায় পাইকগাছার সোলাদানা ইউনিয়নের পাইকগাছা ভিলেজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমানের ওপর হামলার চেষ্টা ও শারীরিকভাবে লাঞ্ছনায় অভিযুক্তকে পুলিশ থানায় নিয়ে গেলেও ক্ষমা চেয়ে মুচলেকা দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে এই ঘটনা ঘটে যখন তিনি মোটরসাইকেলে করে তার স্কুলে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, পূর্বশত্রুতার জেরে ভিলেজ পাইকগাছা গ্রামের বাসিন্দা পলাশ গাজী ওইদিন প্রধানশিক্ষক আনিছুর রহমানের পথরোধ করেন। এ সময় তিনি প্রধান শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
ঘটনার খবর স্কুলে পৌঁছালে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। উত্তেজিত শিক্ষক ও শিক্ষার্থীরা পলাশ গাজীকে তার বাড়ি থেকে ধরে এনে আটকে রাখেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পলাশ গাজীকে থানায় নিয়ে যায়। এসময় প্রধান শিক্ষক আনিছুর রহমানসহ স্কুলের অন্যান্য শিক্ষকও থানায় যান।
এ ঘটনায় প্রধান শিক্ষকের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছিল। পরে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের উদ্যোগে বিষয়টি আপস-মীমাংসা করা হয়।
তাদের উপস্থিতিতে পলাশ গাজী প্রধান শিক্ষক আনিছুর রহমানসহ স্কুলের অন্যান্য শিক্ষকদের কাছে নিঃশর্ত ক্ষমা চান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনায় জড়াবেন না –এই মর্মে থানায় মুচলেকা দেন। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
পাইকগাছা থানা পুলিশ এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।