কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
মহেশপুরে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জোরপূর্বক পথ বন্ধ করে খাস জমিতে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
দীর্ঘ কয়েক বছর ওই জমির উপর দিয়ে থাকা পথ ব্যবহার করে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ যাতায়াত করেন বলেও জানানো হয়েছে। রাস্তার জমির উপর দোকানঘর নির্মাণের ফলে স্থানীয় মানুষ দুর্ভোগে পড়েছেন।
অভিযুক্ত মো. জামিরুল হক মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।
এ নিয়ে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন এলাকার লোকজন।
সাধারণ মানুষ চেয়ারম্যানকে রাস্তার জায়গা ছেড়ে কাজ করার কথা বলায় অকথ্য ভাষায় গালমন্দ করেন তিনি। এমনকী দম্ভ ভরে বলেন- ‘যা পারিস, করে নিস। আমি বর্তমান চেয়ারম্যান, আমাকে কেউ কিছু করতে পারবে না।’- এলাকাবাসীর পক্ষে অভিযোগ দায়ের করা মো. জাহিদ হাসান এসব কথা বলেছেন।
এ ঘটনার পর বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়ার পরও চেয়ারম্যান তার কাজ থামাননি। দু'দিন আগে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার পরিদর্শন করে গেছেন; কিন্তু রাস্তার জমিতে ঘর তৈরির কাজ বন্ধ হয়নি।
জানতে চাইলে ইউপি চেয়ারম্যান জামিরুল হক বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে চেয়ারম্যান হয়েছি। আমার কি ক্ষমতা আছে অন্যের জমিতে ঘর করা! ওই জমি আমারই। কে কারা অভিযোগ দিয়েছিল, ইউএনও সাহেব এসেছিলেন, দেখে গেছেন।’
উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। ভূমি অফিসারকে দায়িত্ব দিয়েছি জমি মেপে দেখার জন্য। রাস্তা বা খাস জমি হলে ঘর নির্মাণ বন্ধ করা হবে, না হলে কাজ চলবে।’