চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভীনা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভীনা খাতুন কোমরপুর গ্রামের আজিজুল হকের স্ত্রী।
স্থানীয়দের বরাতে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দীন জানান, দুপুরে নিজ বাড়িতে গৃহস্থালির কাজ করার সময় পারভীনা খাতুন ঘরের একটি টিন সরাতে যান। এ সময় অসাবধানতাবশত টিনটি বিদ্যুতের তারের ওপর পড়ে তার ছিঁড়ে যায়। এতে পুরো টিনটি বিদ্যুতায়িত হয়ে পড়লে তিনি ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।