খুবি প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, সংগ্রাম ও আত্মত্যাগের ঘটনাপ্রবাহ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অনুষ্ঠিত হয়েছে ‘খবরের পাতায় গণঅভ্যুত্থান ২৪ শীর্ষক ফটো এক্সিবিশন।
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের আলোকচিত্র প্রদর্শন করা হয়। প্রদর্শিত ছবিগুলোতে আন্দোলনের বিভিন্ন পর্যায়, শিক্ষার্থী-জনতার অংশগ্রহণ, প্রতিবাদ, প্রতিরোধ ও আত্মত্যাগের চিত্র উঠে আসে। দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রদর্শনী পরিদর্শন করেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইব্রাহিম খলিল বলেন, ‘একজন সাংবাদিকের অন্যতম দায়িত্ব হলো সময়ের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সঠিকভাবে সংরক্ষণ ও মানুষের সামনে তুলে ধরা। জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহের এসব ছবি শুধু স্মৃতি নয়, এগুলো আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল। এই আয়োজনের মাধ্যমে আমরা গণমাধ্যমের ভূমিকা ও দায়িত্বকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।’

একই বর্ষের শিক্ষার্থী নওরিন হক বলেন, ‘ছবি সাংবাদিকতার একটি শক্তিশালী মাধ্যম। একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়েও বেশি কিছু প্রকাশ করে। জুলাই গণঅভ্যুত্থানের সময়কার ছবিগুলো আমাদের সেই সময়ের বাস্তবতা, মানুষের প্রত্যাশা ও সংগ্রামের কথা মনে করিয়ে দেয়।’
চতুর্থ বর্ষের শিক্ষার্থী সানজিদা আক্তার বলেন, ‘গণযোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষার্থী হিসেবে আমাদের দায়িত্ব শুধু সংবাদ তৈরি করা নয়, বরং সমাজ ও ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সংরক্ষণ করাও। এই প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।’
আয়োজন সম্পর্কে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘গণঅভ্যুত্থানের মতো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাগুলো সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগ ইতিহাসের দলিল সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, ‘ছবির মাধ্যমে একটি সময়ের বাস্তবতা ও মানুষের অনুভূতি তুলে ধরা সম্ভব হয়। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও মূল্যবোধ ধারণ করে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে।’
আয়োজকরা জানান, গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহকে সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে ঐতিহাসিক সচেতনতা তৈরির লক্ষ্যেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।