স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর সুমনকে পদায়ন করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ১০ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. আহমদ হোসাইন জাহাঙ্গীর (ব্যাচ/আইডি-৪০৫৩৪) বর্তমানে যশোর মেডিকেল কলেজের পেডিয়াট্রিক্স বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
তাকে একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদে (পদের আইডি-৭১৯৩৭) পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনের স্মারক নম্বর ৫৯.০০.০০০০.১০৯.১৯.০৪৭.২৩-৪৪৮।
আদেশ অনুযায়ী, পদায়ন করা কর্মকর্তাকে আগামী ১৬ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। যোগদানের সময় বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিতে হবে।
একই সঙ্গে এইচআরএম অটো সিস্টেমে মার্ক আউট ও মার্ক ইন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
একই প্রজ্ঞাপনে দেশের আরও দুটি মেডিকেল কলেজে অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। এর মধ্যে অধ্যাপক ডা. সৈয়দ আসিফ উল আলমকে ফরিদপুর মেডিকেল কলেজ এবং অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেনকে চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।
ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন দীর্ঘদিন ধরে যশোর মেডিকেল কলেজের শিশু বিভাগে কর্মরত। সম্প্রতি তিনি কলেজের শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বও পালন করেন।