স্টাফ রিপোর্টার
, যশোর
সুন্দর ও আদর্শ জীবন গঠনে শিশুদের মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম।
সোমবার (৩১ আগস্ট) সকালে অক্সফোর্ড স্টেইট ইন্টারন্যাশনাল স্কুলের ঘোপ সেন্ট্রাল রোড ক্যাম্পাসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক নার্গিস বেগম বিদ্যালয়টির পরিচালনা কমিটির চেয়ারপার্সন।
তিনি বলেন, হজরত মুহাম্মদ (সা.) ছিলেন একজন আদর্শ মানুষ। তার সততা ও ন্যায়পরায়ণতা ছিল অনুকরণীয়। তার দেখানো পথ আমাদের আলোর দিশা দিতে পারে। শিশুদের জীবনে মহানবীর আদর্শ অনুসরণ করা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সেক্রেটারি এ কে শরফুদ্দৌলা ছোটলু ও সদস্য মারুফ হোসেন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুর রহমান সাইফ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ শাহিনুর বেগম এবং শিক্ষক সজিব, আবিদা মাজেদ, সেলিনা নাহার এবং রিজওয়ানা নাহিদ।
অধ্যাপক নার্গিস বেগম বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য সহজ ভাষায় তুলে ধরেন। পরে শিশুরা পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ, নাত ও ইসলামি সংগীত পরিবেশন করে।
অনুষ্ঠানের শেষপর্বে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শের ওপর আলোচনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা আব্দুল মান্নান। পরে তিনি দোয়া পরিচালনা করেন।