যশোর, বাংলাদেশ || রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যবিপ্রবিতে পুষ্টি প্রাণরসায়ন বিষয়ক সেমিনার

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ০৫:৩৪ পিএম
যবিপ্রবিতে পুষ্টি প্রাণরসায়ন বিষয়ক সেমিনার

মানবস্বাস্থ্য রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি রোগ নিয়ন্ত্রণে পুষ্টি প্রাণরসায়নের ভূমিকা এবং আধুনিক গবেষণার বিভিন্ন দিক নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘জীবনযাত্রার মান উন্নয়নে পুষ্টি প্রাণরসায়নের অগ্রগতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ ও যবিপ্রবি রিসার্চ সেলের যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

সেমিনারে প্রধান বক্তা ছিলেন জাপানের তোহকু বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব এগ্রিকালচারের অধ্যাপক ও বিশিষ্ট বিজ্ঞানী ড. হিদেতোশি সিরাকাওয়া। অতিথি বক্তা ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের গবেষক ও সহযোগী অধ্যাপক ড. ইউশোকু ওহসাকি।

বক্তারা পুষ্টির আণবিক ভিত্তি, রোগ প্রতিরোধে পুষ্টির ভূমিকা, কিডনির কার্যকারিতা ও রক্তচাপ নিয়ন্ত্রণ, মেটাবলিক ডিসঅর্ডার প্রতিরোধ এবং গড় আয়ু বৃদ্ধিতে পুষ্টি ও খাদ্য উপাদানের ভূমিকা নিয়ে গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন।

তোহকু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দীর্ঘ ৪০ বছরের সম্পর্কের কথা উল্লেখ করে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, বিশ্বমানের গবেষণায় জাপানের ল্যাবরেটরিভিত্তিক গবেষণা ব্যবস্থা অত্যন্ত সুসংগঠিত ও লক্ষ্যভিত্তিক। জাপানি গবেষকদের নিয়মানুবর্তিতা, কঠোর পরিশ্রম, সততা ও দেশপ্রেম তরুণ গবেষকদের জন্য অনুকরণীয়।

তিনি দেশীয় শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের গবেষণায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জাপানের ‘রুনপাকু’ পিএইচডি প্রোগ্রামের মাধ্যমে দেশে অবস্থান করেই তোহকু বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বমানের প্রতিষ্ঠান থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে যবিপ্রবি ও তোহকু বিশ্ববিদ্যালয়ের যৌথ একাডেমিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, আন্তর্জাতিক মানের এ ধরনের সেমিনার সময়োপযোগী উদ্যোগ। অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তবে প্রয়োগের মাধ্যমে দেশের সামাজিক ও জাতীয় সমস্যার সমাধানে গবেষণাকে কাজে লাগাতে হবে। দেশের অগ্রগতির জন্য এমন গবেষক প্রয়োজন, যাদের গবেষণার ফল সরাসরি নাগরিকদের কল্যাণে ভূমিকা রাখবে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, জাতীয় ও আন্তর্জাতিক মানের সেমিনার জ্ঞান আদান-প্রদান এবং গবেষণার নতুন দিক উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গবেষণাগারের উদ্ভাবন ও আবিষ্কারকে সাধারণ মানুষের বাস্তব প্রয়োজনের সঙ্গে যুক্ত করাই যবিপ্রবির অন্যতম লক্ষ্য। এ জন্য পুষ্টিবিষয়ক গবেষণা জোরদার, প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধি ও নতুন প্রজন্মের গবেষকদের সঠিক দিকনির্দেশনার ওপর গুরুত্ব দিতে হবে।

সেমিনারে আরও বক্তব্য দেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান ও সেমিনারের আহ্বায়ক ড. মো. আলাউদ্দীন এবং রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মো. মিনহাজ উদ্দীন মনির।

এতে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সেলিনা আক্তার।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)