খুবি প্রতিনিধি
উদ্ভাবন, জ্ঞানচর্চা ও শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের ক্লাব ROUTER-এর উদ্যোগে ‘ROUTER Awards & Recognition Ceremony 2026’ অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে ROUTER এর বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম, কর্মশালা ও প্রতিযোগিতায় বিজয়ী এবং বিশেষ অবদান রাখা ব্যক্তি ও শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ROUTER এর সভাপতি সাফায়েত ইসলাম শুভ। পরে ক্লাবের অ্যাডভাইজার ড. উজ্জ্বল বিশ্বাস ROUTER এর সাম্প্রতিক বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম ও প্রতিযোগিতার সাফল্য তুলে ধরেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক মো. আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসিই ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক এস এম শামসুল আলম। তিনি শিক্ষার্থীদের হাতে-কলমে কাজের সুযোগ বাড়ানোর পাশাপাশি ROUTER-এর কার্যক্রম আরও গতিশীল করতে বার্ষিক ‘ROUTER Magazine’ প্রকাশের পরামর্শ দেন।
এ ছাড়া ইসিই ডিসিপ্লিনের অধ্যাপক ইসমত কাদির, অধ্যাপক মিস সেহরিশ খান এবং অধ্যাপক ড. আবদুল্লাহ-আল নাহিদ শিক্ষার্থীদের উদ্ভাবনী ও দক্ষতাভিত্তিক কার্যক্রমে আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ‘Introduction to Machine Learning: A Hands-On Workshop’, ‘End-to-End Hands-On VLSI Project Using Open-Source Tools’ এবং ‘Semiconductor Industries in Bangladesh: Career Pathways and Opportunities in VLSI’ শীর্ষক সেশনের ইনস্ট্রাক্টর ও ফ্যাসিলিটেটরদের বিশেষ সম্মাননা দেওয়া হয়।
এ ছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। ‘Robotics Project Showcase’-এ চ্যাম্পিয়ন হয় AeroSentinels। ‘Project Exhibition’-এ সেরা নির্বাচিত হয় ‘AI-Based Dengue Monitoring & Mosquito Detection System’। আর ‘ROUTER Datathon 2026’-এ চ্যাম্পিয়ন হয় ML-Alpha।
ইসিই ডিসিপ্লিনের শিক্ষক, ইনস্ট্রাক্টর, শিক্ষার্থী ও ক্লাব সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।