খুলনা অফিস
খুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেন ওরফে আযমকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে নিহতের বাবা কুতুব উদ্দিন বাদী হয়ে হরিণটানা থানায় মামলাটি দায়ের করেন।
এতে চারজনের নাম উল্লেখ করে আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন। তিনি বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
শুক্রবার দিবাগত রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী আবাসিক হলের পেছনে ইসলামনগর রোডের একটি চারতলা ভবনে আজমুলকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে।
নিহত আজমুল হোসেন ওরফে আযম (২৩) খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি মাত্র ১০ দিন আগে ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। আজমুল চুয়াডাঙ্গার দর্শনা থানার বড় শলুয়া গ্রামের কুতুব উদ্দিনের ছেলে।