শাম্মী আক্তার মিথি
, খুবি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের উদ্যোগে বিশ্বখ্যাত জার্মান দার্শনিক ও সমাজবিজ্ঞানী ইয়ুর্গেন হাবারমাসের জীবনাদর্শ ও কর্মের ওপর ভিত্তি করে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সেমিনারের প্রতিপাদ্য ‘রেভিসিটিং দ্য সোশিও-পলিটিক্যাল লেগাসি অফ ইয়ুর্গেন হাবারমাস ইন কন্টেম্পোরারি বাংলাদেশ।’
আগামী ৫ মে (মঙ্গলবার) বিকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট চিন্তাবিদ ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান।
সেমিনারে ড. খান বাংলাদেশের সমকালীন সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে হাবারমাসের 'পাবলিক স্ফেয়ার' বা 'যোগাযোগমূলক ক্রিয়াকলাপ' তত্ত্বের প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।
বিশেষ করে আধুনিক গণতান্ত্রিক কাঠামো ও নাগরিক সমাজের বিকাশে মহান দার্শনিকের চিন্তা কীভাবে ভূমিকা রাখতে পারে।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. আব্দুল্লাহ আবু সাঈদ খান বলেন, সেমিনার থেকে শিক্ষার্থীরা ইয়ুর্গেন হাবারমাসের দর্শনের আলোকে বাংলাদেশের সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক কাঠামোকে নতুন দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করতে শিখবে।
বিশেষ করে গণতন্ত্র, নাগরিক অধিকার এবং মুক্তচর্চা প্রকাশের গুরুত্ব। যা আমাদের শিক্ষার্থীদের জ্ঞান ভান্ডারে নতুন মাত্রা যোগ করবে।
উল্লেখ্য যে, ইয়ুর্গেন হাবারমাস বিংশ ও একবিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী দার্শনিক হিসেবে পরিচিত, যিনি সম্প্রতি ২০২৬ সালে মৃত্যুবরণ করেছেন।
তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তার তাত্ত্বিক উত্তরাধিকার বিশ্লেষণ করতে বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছে খুবির সমাজবিজ্ঞান ডিসিপ্লিন। যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষকরা উপস্থিত থাকবেন।