কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রায় লোকালয়ে ঢুকে পড়া প্রায় ১১ ফুট লম্বা ও ১২ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ। পরে সাপটিকে নিরাপদে সুন্দরবনের বুষ্টুমখালী খালের বাওনে অবমুক্ত করা হয়েছে।
বুধবার বিকেল পাঁচটার দিকে কয়রা উপজেলার চার নম্বর কয়রা গ্রামের আবু বকরের বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় অজগরটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের বনরক্ষীদের জানান।
খবর পেয়ে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার নাসির উদ্দীনের নেতৃত্বে বনবিভাগের একটি টিম ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে অজগরটি উদ্ধার করে। এ সময় বনবিভাগের সদস্য, ভিটিআরটি ও সিপিজি সদস্য এবং স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা সাজমিনুল ইসলাম বলেন, উদ্ধার করা অজগর সাপটি কাশিয়াবাদ স্টেশনের সামনে সুন্দরবনের বুষ্টুমখালী খালের বাওনে অবমুক্ত করা হয়েছে।
তিনি বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী লোকালয়ে এলে আতঙ্কিত না হয়ে বনবিভাগকে খবর দিলে নিরাপদে তা উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া সম্ভব।