ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যশোরের ঝিকরগাছায় বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন সরকারি স্থানে ৬০টি ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
রোববার (১১ অক্টোবর) দুপুরে যশোর জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের আয়োজনে এবং ঝিকরগাছা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
'পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি' প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অভিযানের উদ্বোধন করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সম্পা পারভীন।
এ সময় উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা আমিনা খাতুনসহ বিভিন্ন ইউনিয়নের আনসার ও ভিডিপি দলপতি এবং ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সম্পা পারভীন বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ’