সাতক্ষীরা প্রতিনিধি
"জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে এই কর্মসূচির সূচনা হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন সহকারে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়।
পরবর্তীতে পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সৌমেন মৈত্রের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, বিএনপি নেতা মো. আব্দুর রউফ, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার এবং গণপূর্ত বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী কাওসার মো. আব্দুল ওয়াহেদ।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সময় টিভির সাংবাদিক মমতাজ আহমেদ বাপ্পী, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত রেফারি তৈয়েব হাসান বাবু, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান এবং সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফজাল হোসেন।
দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রকৃতি ও পরিবেশবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে এই প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং পরিবেশ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা।