১৫ লাখ বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রা:
স্টাফ রিপোর্টার
, যশোর
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর জেলা প্রশাসন ও সামাজিক বনবিভাগের যৌথ উদ্যোগে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। শনিবার দুপুরে মুনসী মেহেরউল্লা ময়দানে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, ‘পরিবেশের ভারসাম্য ও সুরক্ষা নিশ্চিত করতে গাছ লাগানোর বিকল্প নেই। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর যে মহাপরিকল্পনা ও কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রীর রয়েছে, তারই অংশ হিসেবে যশোর জেলায় ১৫ লাখ গাছ লাগানো হবে। শুধু ফলের গাছ লাগিয়ে পুষ্টি ও ফলের চাহিদা পূরণ করা নয়, বরং গাছ লাগানোর পর তার সঠিকভাবে পরিচর্যা করে বড় করে তোলাও আমাদের দায়িত্ব।’
প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় এবার বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি গাছের সমাহার নিয়ে মোট ৩১টি আকর্ষণীয় স্টল বসানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এজেডএম সালেক, জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম রেজা দুলু, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সমরেন বিশ্বাসসহ বিশিষ্ট ব্যক্তিরা।
মেলা উদ্বোধনের পর অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং গাছের গুণগত মান নিয়ে কথা বলেন। অনুষ্ঠান শেষে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত ২০০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। প্রথম দিনেই মেলা প্রাঙ্গণে বৃক্ষপ্রেমী ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।