যশোর, বাংলাদেশ || রবিবার, ১৯ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জলাবদ্ধতা নিরসনে কঠোর জেলা প্রশাসন

সাতক্ষীরায় অবৈধ নেট-পাটা অপসারণ শুরু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ০৭:০৬ পিএম
আপডেট : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ০৮:০৪ পিএম
সাতক্ষীরায় অবৈধ নেট-পাটা অপসারণ শুরু

দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান এবং চলতি বর্ষা মৌসুমে দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করতে কঠোর অবস্থানে নেমেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। এর অংশ হিসেবে শনিবার (১৮ জুলাই) দুপুরে সাতক্ষীরা বাইপাস সড়ক-সংলগ্ন খালে বিশেষ উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাওসার আজিজ।

অবৈধ দখলদার দের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জেলা প্রশাসক কাওসার আজিজ উদ্বোধনী অনুষ্ঠানে বলেন ‘সারাদেশব্যাপী আমাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অভিযান চলছে। এটি শুধু এক বা দুইদিনের কোনো বিষয় নয়, একে আমাদের নিয়মিত জীবনচর্চার অংশ বানিয়ে নিতে হবে। কতিপয় ঘের মালিকের বিরুদ্ধে অভিযোগ আসছে, তারা চিংড়ি চাষের জন্য খালের স্বাভাবিক গতিপথ আটকে লাখো মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছেন।’

তিনি আরও বলেন, ‘এখন বর্ষাকাল। আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো—আপনারা অনতিবিলম্বে নিজ দায়িত্বে ঘের ও খালের সব অবৈধ বাঁধ ও নেট-পাটা খুলে দেবেন। আজ আমরা এখানে উচ্ছেদ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করছি। এরপরেও যদি খালের পানি প্রবাহে বাধা সৃষ্টির কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়, তবে প্রশাসন চরম কঠোর ব্যবস্থা নেবে এবং আইনগতভাবে যা যা করার প্রয়োজন, তা-ই করা হবে।’

অভিযানকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) বদরুদ্দোজা, পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার সভাপতি তৈয়েব হাসান সামছুজ্জামান, সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অর্ণব দত্ত, কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস আলী প্রমুখ।

সরকারি এই উদ্যোগে প্রশাসনের পাশাপাশি স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন স্থানীয় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন সাতক্ষীরা, ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) এবং সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বেশ কয়েকটি সংগঠনের স্বেচ্ছাসেবীরা খালের ময়লা-আবর্জনা ও নেট-পাটা অপসারণে সরাসরি অংশ নেন।

সাতক্ষীরার সাধারণ জনগণ প্রশাসনের সময়োপযোগী এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। জনদুর্ভোগ লাঘবে এই উচ্ছেদ অভিযান নিয়মিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)