যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চারশ’ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ

আব্দুস সামাদ

, সাতক্ষীরা

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ১০:০০ এ এম
চারশ’ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ

অবশেষে আলোর মুখ দেখতে শুরু করেছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের ঐতিহাসিক শ্যামসুন্দর মঠ-মন্দির।

দীর্ঘদিনের অযত্ন-অবহেলা ও জরাজীর্ণতা নিয়ে সংবাদমাধ্যমে ধারাবাহিকভাবে মন্দিরটির করুণ অবস্থা ও সংরক্ষণের দাবি তুলে ধরার পর এবার দৃশ্যমান উদ্যোগ নিয়েছে খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তর। প্রাথমিক পরিস্কার-পরিচ্ছন্নতার পর মূল সংস্কারকাজ শুরুর প্রস্তুতি হিসেবে বুধবার সরেজমিনে মন্দিরটি পরিদর্শনে যান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বুধবার দুপুরে ঐতিহ্যবাহী শ্যামসুন্দর মন্দিরটি পরিদর্শনে অংশ নেন খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মো. মহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ঐতিহ্য ও সংস্কৃতি গবেষক এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শাপলা সিংহ, সমাজকর্মী ও সাংবাদিক মিলন বিশ্বাস, পরিবেশ সাংবাদিক মো. হোসেন আলী, মন্দিরের সেবায়েত সুবপ্রসাদ চৌধুরীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

পরিদর্শনকালে বিশেষজ্ঞরা মন্দিরটির বর্তমান কাঠামোগত অবস্থা, দেয়াল, কার্নিশ, পোড়ামাটির অলংকরণ ও স্থাপনার বিভিন্ন জরাজীর্ণ অংশ ঘুরে দেখেন এবং সংস্কারের আগে প্রয়োজনীয় কারিগরি ও বৈজ্ঞানিক প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা করেন।

পরিদর্শন শেষে খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মো. মহিদুল ইসলাম বলেন, শ্যামসুন্দর মন্দিরটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের গেজেটভুক্ত একটি গুরুত্বপূর্ণ পুরাকীর্তি। মন্দিরটির প্রাথমিক পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। তবে ঐতিহ্য রক্ষায় কোনো ভুলভ্রান্তি এড়াতে মূল কাজের আগে ‘প্রি-ডকুমেন্টেশন’ বাধ্যতামূলক। প্রাচীন কোনো অবকাঠামো সংরক্ষণের ক্ষেত্রে প্রি-ডকুমেন্টেশন ছাড়া কাজ করলে মূল রূপ ও ঐতিহ্যিক উপাদান ক্ষতিগ্রস্ত হওয়ার বড় ঝুঁকি থাকে। তাই বিশেষজ্ঞ টিম এনে বৈজ্ঞানিক উপায়ে বিস্তারিত নকশা ও উপাত্ত সংগ্রহ করা হবে, যার পরপরই আমরা পূর্ণাঙ্গ সংস্কার শুরু করবো।

তিনি আরও জানান, আগামী অর্থবছরে প্রয়োজনীয় বরাদ্দ নিয়ে মন্দিরটির স্থায়ী সংস্কার ও সংরক্ষণ নিশ্চিত করা হবে। পাশাপাশি স্থাপনার গায়ে জমে থাকা পুরোনো গাছ ও পরগাছা অত্যন্ত সযত্নে ও ধীরে ধীরে অপসারণ করা হবে, যাতে মূল কাঠামোর কোনো ক্ষতি না হয়।

অন্যদিকে, পরিদর্শনের সময় ঐতিহ্য ও সংস্কৃতি গবেষক এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শাপলা সিংহ স্থানটির ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি ডিজিটাল সংরক্ষণের ওপর জোর দেন।

তিনি বলেন, এখানে কেবল পূর্বে থাকা মূল ডিজাইন ফিরিয়ে আনলেই হবে না, বরং যেসব প্রয়োজনে একসময় এই সংস্কৃতির প্রচলন হয়েছিল সেই অতীত ইতিহাসকে পুনরুদ্ধার করতে হবে। উপকূলীয় নোনা এলাকায় আর্দ্রতার কারণে ভবনটির ক্ষতি হচ্ছে। তাই শুধু ভবন সংস্কার নয়, ৬০ বছরের ঊর্ধ্ব প্রবীণ স্থানীয় অধিবাসীদের অভিজ্ঞতা ও মৌখিক ইতিহাস সংরক্ষণ করে একটি ‘ডিজিটাল আর্কাইভ’ তৈরি করা প্রয়োজন।

তিনি আরও প্রস্তাব করে বলেন, দেশ-বিদেশের দর্শনার্থীদের সুবিধার জন্য এখানে ডিওরোমা বা আলোকচিত্রের মাধ্যমে প্রাচীনকালের বিদ্যুৎহীন রাতের আলো-আঁধারির পরিবেশ কেমন ছিল, তা ফুটিয়ে তোলা যেতে পারে। যা ভবিষ্যতে দেশের অন্যান্য প্রাচীন মন্দির বা মসজিদ সংরক্ষণেও একটি মডেল হয়ে থাকবে।
এদিকে, সংবাদ প্রকাশের পর একের পর এক দ্রুত পদক্ষেপ এবং উচ্চপর্যায়ের কর্মকর্তা ও গবেষকদের পরিদর্শনে স্থানীয় বাসিন্দা, পূজারী ও সনাতন ধর্মাবলম্বীদের মাঝে স্বস্তি ও আনন্দের হাওয়া বইছে।

মন্দিরের সভাপতি দেবপ্রিয় চৌধুরী ও সেবাইত সুবপ্রসাদ চৌধুরী সন্তোষ প্রকাশ করে জানান, দীর্ঘদিন অবহেলা আর মাদকসেবীদের উপদ্রবে ঐতিহ্যটি ধ্বংসের মুখে পড়েছিল। গণমাধ্যমে খবর আসার পর প্রাথমিক পরিস্কারের কাজ হয়েছে, আর আজ পরিদর্শনের মাধ্যমে স্থায়ী সংস্কারের স্বপ্ন বাস্তবায়নের মুখ দেখছে। এছাড়াও সার্বিক নিরাপত্তা ও পবিত্রতা রক্ষায় দ্রুত সীমানাপ্রাচীর নির্মাণের জোর দাবি জানান মন্দিরের সেবায়েত সুবপ্রসাদ চৌধুরী ও স্থানীয়রা।

ইতিহাসবিদ সতীশচন্দ্র মিত্র ও অধ্যাপক মো. আবু নসরের গ্রন্থ অনুযায়ী, ১৭৬৭ খ্রিস্টাব্দে হরিরাম দাশ (মতান্তরে দুর্গাপ্রিয় দাশ) প্রায় ৬০ ফুট উঁচু তিনতলা বিশিষ্ট এই শ্যামসুন্দর মন্দিরটি নির্মাণ করেন। মূল মন্দিরের পাশাপাশি এখানে দুর্গা ও শিবমন্দির এবং ‘জমির বিশ্বাসের পুকুর’ নামে ঐতিহাসিক দীঘি রয়েছে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সরাসরি পরিদর্শন, প্রি-ডকুমেন্টেশনের সিদ্ধান্ত এবং আগামী অর্থবছরে সংস্কার বাস্তবায়নের আশ্বাসে স্থানীয় বাসিন্দা ও সনাতন ধর্মাবলম্বীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। দ্রুত এই উদ্যোগের বাস্তবায়ন ঘটে ঐতিহাসিক মন্দিরটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্রে পরিণত হবে বলেই আশাবাদ ব্যক্ত করেছেন সচেতন মহল।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)