জিয়াউদ্দিন সাইমুম
, ঢাকা
ঝুঁকি ছাড়াই বলে ফেলা যায়, ক্রিকেটে ভাবের উপাদান প্রচুর, নামের উপাদানও ভূরি ভূরি! হালে বিজ্ঞানীরাও নাকি ক্রিকেট নিয়ে ভাবছেন, ম্যাগনাস ইফেক্ট আর বলের সুয়িং নিয়ে তারা মাথা ঘামাচ্ছেন।
এটা ঠিক, আন্তর্জাতিক ক্রিকেট রঙ্গমঞ্চের দিকে তাকিয়ে স্রেফ ক্রিকেটারদের নাম দেখে জীববিজ্ঞানী, পক্ষিবিশারদ, কীটতত্ত্ববিদ, ধাতুতত্ত্ববিদ, ভূতত্ত্ববিদ, উদ্ভিদতত্ত্ববিদ, কৃষিবিদ, পেশাজীবী, ধর্মতত্ত্ববিদ, ভাষাবিদ, শারীরবৃত্তবিদ এমনকি জোতির্বিদও চমকে যেতে পারেন!
প্রাপ্ত তথ্য মতে, মেলবোর্ন ক্রিকেট মাঠে ১৯৪০ সাল পর্যন্ত ২৭০ জনেরও বেশি এমন ক্রিকেটার টেস্ট ম্যাচ খেলেছেন, যাদের ডাকনাম ‘স্মিথ’। তারা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করেছেন। গায়ের রঙে তারা ব্রাউন, ব্ল্যাক, গ্রে, হোয়াইট।
আপনি এটা সহজেই বলতে পারে, ক্রিকেটের ‘উড’, ‘ফ্লাওয়ার’, ‘রৌজ’, ‘মস’, ‘ভাইন’ (আঙুর), ‘রুট’, ‘মোল্ড’ (ছত্রাক) এর ব্যাপারে একজন উদ্ভিদতত্ত্ববিদ যেমন আগ্রহ দেখাতে পারেন, তেমনি একজন ভোজনবিলাসী ‘রাইস’ আর ‘বিন’ দিয়ে ডিনার সারতে পারেন। আবার ‘ল্যাম’ (মেষ শাবক) নামের দিকে একজন জীববিজ্ঞানীর চোখ গেঁথে যেতে পারে। তবে একজন পক্ষিবিশারদ নিশ্চয়ই ‘বার্ড’, ‘বিল’ (ঠোঁট) আর ‘হেরন’ ছাড়া অন্য নামে আগ্রহ দেখাবেন না। অন্যদিকে একজন কীটতত্ত্ববিদ ‘রোচ’ (আরশোলা) দেখে থমকে দাঁড়াতে পারেন। কিন্তু ধাতুতত্ত্ববিদ ‘স্টিল’ আর ভূতত্ত্ববিদ ‘ক্লে’ (কাদামাটি) ও ‘ইমারি’ (ঘর্ষক হিসেবে ব্যবহৃত অ্যালুমিনিয়াম অক্সাইড) ছাড়া অন্য কিছুতে তৃপ্তি পাবেন না।
ক্রিকেট নানা পেশার লোকের মিলন ক্ষেত্র। আনন্দটাই এখানে মূল প্রাপ্তি। তাই ক্রিকেট রাজ্যে কুক, বুচার, আর্চার, বাটলার, বারবার (নাপিত), মিলার (কলওয়ালা), টার্নার (কুন্দকার), পোর্টার (মুটে), নার্স, আয়রনমংগার (লৌহদ্রব্য বিক্রেতা), হান্টার আর মেসনের (কাঠমিস্ত্রি) অভাব নেই।
ধর্মপ্রেমিকদেরও হতাশ করেনি ক্রিকেট। তাদের জন্য রয়েছেন বিশপ, পোপ ও প্রিস্ট। এ ছাড়া রয়েছেন একাধিক ‘ফ্রেন্ড’ যারা মাঝে মাঝে আপনার ‘গেস্ট’ও হতে পারেন। এদের মাঝে কেউ কেউ ‘গাই’ (লোক) হয়ে আপনার গোয়ালঘরের চারপাশে ‘ওয়াকার’ (পথচারী) হিসেবে সন্দেহও উৎপাদন করতে পারেন।
অবশ্য রাজদণ্ড হাতে তাদের সামনে কোনো ‘কিং’ অথবা ‘প্রিন্স’ পড়ে গেলে ওয়াকারের নিশ্চয়ই খবর হবে। এখানে সাইড টক হিসেবে বলা যায়, বাংলাদেশের ‘বাদশা’ যদি টেস্ট অভিষেকের সুযোগ পেতেন, তাহলে তিনি ‘হীরা’কেই আগেভাগে খুঁজতেন।
ক্রিকেটে মানুষের তৈরি নিত্য প্রয়োজনীয় সামগ্রীরও অভাব নেই! ক্রিকেট মাঠের চারপাশে এক চক্কর দিলেই আপনি অনায়াসে ‘বেল’ (ঘণ্টা), ‘ড্রাম’ (ঢোল), ‘লক’ (তালা), ‘হল’ (মিলনায়তন), ‘কি’ (চাবি), ‘কটার’ (পিন বা কীলক, তবে শব্দটির আধুনিক ব্যবহার ‘কুটির’ হিসেবে) পেয়ে যাবেন। আবার কেউ কেউ ক্রিকেটে ‘ওয়াল’ (দেয়াল), হোম (বাড়ি), ব্যাঙ্কস (ব্যাংকসমূহ), বুথ (টেলিফোন বুথ) আর ‘ফোর্ড’ (নদীর অগভীর অংশ যা হেঁটে বা গাড়িতে চড়ে পার হওয়া যায়) দেখে বিস্মিত হতে পারেন। ভূমি জরিপকারীরা ‘ডেল’ (উপত্যকা), মিড (তৃণভূমি), কেইভ (গুহা), আর ‘হিল’ (পাহাড়) দেখে জরিপের ভরসা পাবেন। সবচেয়ে মজার ব্যাপার হলো ক্রিকেটে বিগসাইজ ‘হোল’ বা গর্ত রয়েছে। কে জানে, কবে কখন ‘স্ট্রিট’ (সড়ক)-এর ওপর উল্কাপাত হয়ে এ গর্ত হয়েছিল!
ক্রিকেটারদের ডাকনাম বিবেচনায় আনা হলে আরও অনেক মজার তথ্য মিলবে। যেমন পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াকার ইউনুস বুরেওয়ালায় জন্ম নেওয়ায় মিডিয়া তাকে ‘বুরেওয়াল এক্সপ্রেস’ নামে ডাকতো। একই কারণে শোয়েব আকতারের নাম হয়ে যায় ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। তবে ভারতীয় ফাস্ট বোলার কপিল দেব চন্ডিগড়ে জন্মালেও তার নাম হয় ‘হরিয়ানা হারিকেন’। অবশ্য ভারতীয় বোলার মদন লালকে ‘পাঞ্জাব মেইল’ বলা হতো। পাকিস্তানের ওয়াসিম আকরাম ছিলেন ‘কিং অব রিভার্স সুইং’। মিয়াদাদকে ডাকা হয় ‘বড়ে মিয়া’ নামে। ইনজামাম মানেই ‘বিগম্যান’। ৩৭ বলে সেঞ্চুরি করে সাবেক বিশ্বরেকর্ডধারী শহীদ আফ্রিদি ‘ওয়ান্ডার বয়’ উপাধি পেলেও তিনি ‘বুম বুম আফ্রিদি’ নামেই পরিচিত।
আর লম্বা কিন্তু সরু পায়ের জন্য ম্যাকগ্রার নাম ছিল ‘পিজিওন’।
ইংল্যান্ডের ফাস্ট বোলার ফিলিপ ডেফ্রিটাসের গায়ের রঙ অনেকটা চকোলেটের মতো হওয়ায় টিমমেটরা তাকে ‘হাফ চকোলেট’ নামে খেপাতো। আর আর্নল্ড সোয়ার্জনেগারের শক্তপোক্ত গড়নের সঙ্গে মিল থাকায় ইংল্যান্ডের গ্রেম হিকের নাম হয়ে যায় ‘আর্নি’।
জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্পবেলের ডাক নাম ছিল ‘টাবি’ (গাধা)। উইন্ডিজের জোয়েল গারনারকে বলা হতো ‘বিগ বার্ড’। অথচ তার স্বদেশী পেসবোলার কার্টলি অ্যাম্ব্রোসকে কেন ‘লিটল বার্ড’ বলা হতো, তার বোধগম্য ব্যাখ্যা নেই । মোটামুটি বিশালদেহী হলেও ক্লাইভ লয়েড ছিলেন ‘সুপারক্যাট’। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান গ্রেগ রিচি ছিলেন ‘ফ্যাট ক্যাট’। ইংল্যান্ডের সাবেক স্পিনার ফিল টাফনেলকে ডাকা হতো ‘দি ক্যাট’। আর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মার্ক টেলরকেও ডাকা হতো ‘টাবি’ (বিড়াল) বলে।