আসাদুজ্জামান সরদার
, সাতক্ষীরা
লবণাক্ততা আর জলাবদ্ধতা- জলবায়ু পরিবর্তনের এমন চরম অভিঘাত মোকাবেলা করে সাতক্ষীরার শ্যামনগরের মুন্সীগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে বিষমুক্ত ফসল উৎপাদনে আলো ছড়াচ্ছেন কৃষাণী সরমা রানী (৪৮)।
তার বাড়ির উঠানের এক কোণে একটি গর্তে পঁচছে সবজির খোসা আর ঘাস। উল্টোদিকে নিমপাতা ও রসুন বেটে তৈরি করা হচ্ছে প্রাকৃতিক বালাইনাশক। চোখে পড়ে সারি সারি সবজি, ফলের গাছ আর স্থানীয় জাতের মরিচ। এই উঠানে যা ফলছে, তার বীজও সংরক্ষণ করেন বাড়িতেই।
সরমা রানী বসতভিটার ৬৬ শতক জমির মধ্যে ৩৩ শতকজুড়ে গড়ে তুলেছেন বিষমুক্ত, বৈচিত্র্যময় সবজির খামার।
সরমা রানী জানান, তার স্বামী বিমল মণ্ডল অসুস্থ। চার সদস্যের সংসারের দায়িত্ব তার কাঁধে। বাড়িতে গবাদিপশু নেই, তাই রান্নাঘরের উচ্ছিষ্ট, সবজির খোসা ও ঘাস পচিয়েই তৈরি করেন জৈব সার। এতে একদিকে উৎপাদন খরচ যেমন কমে, তেমনি রাসায়নিক সারের দরকার হয় না।
নিজের শৈশবের কথা তুলে ধরে তিনি জানান, একসময় নিজের পড়ালেখা থেমে গিয়েছিল। অভাবের কারণে লেখাপড়া বন্ধ হয়ে গেলে আক্ষেপে কান্নাকাটি করতেন। পড়ার ইচ্ছা থাকলেও দশম শ্রেণির বেশি আর এগোতে পারেননি। সেই না-পাওয়াই পরে হয়ে ওঠে তার সবচেয়ে বড় প্রেরণা।
সরমা রানীর তিন মেয়ে ও এক ছেলে। তিন মেয়েকে উচ্চশিক্ষিত করে বিয়ে দিয়েছেন। ছেলে এখন খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন। একসময় পরিবারের অন্যরা বলতেন, তাদের বংশে লেখাপড়ার চল তেমন নেই। সেই ধারণা বদলাতে সন্তানদের শিক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সরমা রানী। এখন ফসল নির্বাচন থেকে সন্তানদের পড়ালেখা, এমনকি জমি কেনার মতো পারিবারিক সিদ্ধান্তেও তাঁর মতামত গুরুত্ব পায়।
নিজের উঠানেই থেমে থাকেননি তিনি। বাড়িতে গড়ে তুলেছেন ‘মথুরাপুর বকুল কৃষি নারী উন্নয়ন সংগঠন’। এর উদ্যোগে স্থাপন করেছেন দেশীয় একটি ছোট বীজ ব্যাংক, যেখানে সংরক্ষিত আছে প্রায় ৮০ ধরনের স্থানীয় বীজ। দুই শতাধিক নারী কৃষকের সঙ্গে নিয়মিত বীজ আদান-প্রদান করেন তিনি।
এই পথচলার শুরু ২০১৮ সালের দিকে, বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এর সঙ্গে যোগাযোগের মাধ্যমে। বারসিকের কাছ থেকে প্রশিক্ষণ নিতে নিতে একসময় নিজেই হয়ে ওঠেন প্রশিক্ষক। প্রায় ৪০টি প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয়দের কৃষাণীদের মাঝে ছড়িয়ে দিয়েছেন জৈব সার ও প্রাকৃতিক বালাইনাশক তৈরির কৌশল। তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন গ্রাম, ইউনিয়ন ও আশপাশের এলাকার প্রায় ছয়শ’ নারী।
সেই প্রশিক্ষণের ফল মিলছে অন্যদের উঠানেও। ফুলতলা গ্রামের কৃষাণী দীপ্তি রানী বলেন, ‘সরমা দিদির কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে জৈব পদ্ধতিতে ফসল ফলাতে শিখেছি। আগে আমার গাছে তেমন পেঁপে হতো না। এখন ভালো ফলন পাচ্ছি।’
সরমা রানীর প্রতিবেশী অনিমা রানী ও সুজাতা রানীও তার কাছ থেকে জৈব চাষের কৌশল শিখেছেন। পাশের কুলতলী গ্রামের কল্পনা রানী ও প্রিয়ংকা রানী, দক্ষিণ কালিনগর গ্রামের শিবানী ও পারুলও এখন বিষমুক্ত সবজি চাষে যুক্ত। তাদের মতো আরও অনেক নারী এখন নিজেদের বাড়িতে নিরাপদ সবজি উৎপাদনে আগ্রহী হচ্ছেন।
সরমা রানীর বাড়ির বৈচিত্র্য দেখলে মন ভরে ওঠে। তার বাড়িতে সংরক্ষিত আছে ৩০ ধরনের সবজি, ২০ ধরনের ফল ও ১২ প্রজাতির স্থানীয় মরিচের বীজ। পুকুরে আছে ২৪ ধরনের দেশি মাছ।
সংসারের ভরণপোষণেও ভূমিকা রাখছেন সরমা রানী। তিনি জানান, সবজি বিক্রি করে মাসে প্রায় সাত হাজার টাকা আয় হয়। রাসায়নিক সার কিনতে না হওয়ায় বছরে সাশ্রয় হয় প্রায় ১৮ হাজার টাকা।
তবে, লক্ষ্য শুধু নিজের পরিবার বা কয়েকটি গ্রামে সীমাবদ্ধ রাখতে চান না তিনি। নিজের উঠান থেকে শুরু হওয়া এই উদ্যোগ উপকূলের ঘরে ঘরে ছড়িয়ে দিতে চান সরমা রানী। তার স্বপ্ন, একদিন বিষমুক্ত সবজি চাষ আর ব্যক্তিগত উদ্যোগে সীমাবদ্ধ থাকবে না, হয়ে উঠবে একটি সামাজিক আন্দোলন।
সরমা রানী বলেন, ‘শুধু আমি বিষমুক্ত সবজি চাষ করলেই হবে না। আশপাশের সব কৃষক ও পরিবারকে এই কাজে আগ্রহী করতে চাই। আমার সংগঠনের নারী কৃষকদের নিয়ে বিষমুক্ত সবজি চাষকে সামাজিক আন্দোলনে রূপ দিতে চাই। মানুষ যেন নিজের পরিবারের জন্য নিরাপদ খাদ্য উৎপাদনে এগিয়ে আসে, সেই সচেতনতা তৈরি করাই আমার লক্ষ্য।’
এ জন্য দেশীয় বীজ সংরক্ষণ, বীজ বিনিময়, জৈব সার তৈরি ও নিরাপদ খাদ্য উৎপাদনে পরিবারগুলোকে উদ্বুদ্ধ করার পরিকল্পনা নিয়ে কাজ করছেন তিনি।
শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা ওলিউল ইসলাম বলেন, স্থানীয় বীজ, জৈব সার ও প্রাকৃতিক বালাইনাশক দিয়ে বিষমুক্ত ফসল উৎপাদনে সরমা রানীর উদ্যোগ প্রশংসনীয়। নিরাপদ কৃষিতে বিপ্লব ঘটিয়ে দারিদ্র্য বিমোচন ও খাদ্য উৎপাদনে সরমা রানী দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার অভিজ্ঞতা অন্য কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে কৃষি বিভাগ প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেবে বলেও জানান তিনি।