তারেক মাহমুদ
, কালীগঞ্জ (ঝিনাইদহ)
সোলায়মান হোসেন শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেছেন প্রায় পাঁচ বছর আগে। অবসর সময় কীভাবে কাটাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের এই প্রধান শিক্ষক।
অবসরের পর মনোযোগী হন কৃষিকাজে। তিন বিঘা জমিতে পুকুর খনন করে শুরু করেন মাছ চাষ। পুকুরপাড়ে গড়ে তোলেন সমন্বিত ফল ও সবজির বাগান। পাশাপাশি দুই বিঘা জমিতে আবাদ করেন ড্রাগন ফল। তার এই উদ্যোগ এখন সফলতার দৃষ্টান্ত। এখান থেকে বছরে তার আয় প্রায় পাঁচ লাখ টাকা।
সোলায়মান হোসেনের এই উদ্যোগ কেবল অবসর জীবনকে কর্মমুখর করেনি, বরং তার হাতে এনে দিয়েছে উল্লেখযোগ্য টাকা।
কালীগঞ্জ পৌর এলাকার চাঁচড়ার মাঠে গিয়ে দেখা যায়, সবুজে ঘেরা কৃষিখামার। মাঝখানে পুকুর, চার পাড়জুড়ে নানাজাতের ফলদ ও সবজি গাছ। থোকায় থোকায় ঝুলছে পেঁপে, কলাগাছে কাঁদি, শোভা পাচ্ছে কুল-বরই ও খেজুরগাছ।
পুকুরের চারপাশজুড়ে সারি সারি পেঁপেগাছে ধরেছে প্রচুর ফল। এই বাগানে রয়েছে টপ লেডি, বারি-১, রেড লেডি-৭৮৬, তাইওয়ান-৭৮৬, সোলো, কাপোহো ও মারাডলসহ বিভিন্ন জাতের পেঁপে। জাতভেদে ফলের আকার, রং ও বৈশিষ্ট্যে রয়েছে ভিন্নতা।
পাঁচ বছর আগে নিজের জমিতে পুকুর খননের মাধ্যমে এই কৃষি উদ্যোগের সূচনা করেন শিক্ষক সোলায়মান হোসেন। প্রথমে পুকুরে মাছ চাষ শুরু করেন। পরে পুকুরের চারপাশের জমি অব্যবহৃত না রেখে পরিকল্পিতভাবে ফল ও সবজির চাষ শুরু করেন। পুকুরে চাষ করেন রুই, কাতলা, চিতল, পাঙাশ, মনোসেক্স তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ। পুকুরে মাছ, পাড়ে ফল ও সবজি-সব মিলিয়ে তার খামার এখন বহুমুখী কৃষি উৎপাদনের একটি সফল উদাহরণ।
সোলায়মান হোসেন বলেন, ‘শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলাম। অবসরে যাওয়ার পর মনে হলো, বসে না থেকে কিছু একটা করা প্রয়োজন। কিছু একটা করার চিন্তা থেকেই কৃষিকাজে মনোনিবেশ করি। কৃষিকাজ অনেক সম্মানের ও স্বাধীন পেশা। এতে নিজের যেমন উপকার হয়, তেমনি উৎপাদনেও অবদান রাখা যায়।’
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, সোলায়মান হোসেন অত্যন্ত ভালো মানুষ। অবসরে যাওয়ার পর কৃষিকাজে মনোনিবেশ করে তিনি সফলতা পেয়েছেন। তার এই উদ্যোগ প্রশংসনীয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ বলেন, উনি মাছ চাষের সঙ্গে যুক্ত হয়েছেন, এটি ভালো উদ্যোগ। মাছ চাষে প্রশিক্ষণ, পরামর্শ বা অন্য কোনো সহযোগিতার প্রয়োজন হলে সহযোগিতা করা হবে।