ঐতিহ্য
জিয়াউদ্দিন সাইমুম
, ঢাকা
ঢেঁকি ধান ভানা বা শস্য কোটার জন্য ব্যবহৃত যন্ত্রবিশেষ। প্রাচীনকাল থেকে ভারত উপমহাদেশে ঢেঁকি ব্যবহার হয়ে আসছে। এক খণ্ড পাথরের চটান বা কাঠখণ্ডে গর্ত খুঁড়ে মুষলের সাহায্যে শস্য কোটা হয়। মুষলটির মাথায় লোহার পাত জড়ানো থাকে। মুষলটি চার থেকে পাঁচ হাত লম্বা একটি ভারি কাঠের মোটামুটি আগায় জোড়া লাগিয়ে গর্ত বরাবর মাপে দুটি শক্ত খুঁটির ওপর পুঁতে রাখা হয়।
শস্য কোটার জন্য ঢেঁকির গর্তে শস্য ঢেলে দিয়ে একজন বা দু’জন ঢেঁকির চেটালো গোড়ায় ক্রমাগত চাপ দেন। অন্যদিকে মুষলের আঘাতের ফাঁকে ফাঁকে আরেকজন গর্তের কাছে বসে শস্যগুলো উলট-পালট করে দেন।
অভিধানে ঢেঁকি শব্দের অর্থে বলা হয়েছে ‘ধান ডাল ইত্যাদি শস্য বা অন্যান্য বস্তু ভানবার বা কুটবার জন্য ব্যবহৃত এবং বড় কাঠের দণ্ড দিয়ে তৈরি যন্ত্রবিশেষ’। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় রয়েছে ‘ঢেঁকিতে ধান ভেনে দেবে বামনিদিদির ঘরে’।
আবার আলঙ্কারিক অর্থে ঢেঁকি মানে পরের দ্বারা চালিত বুদ্ধিহীন ব্যক্তি। কবিগুরু তার ‘পুরাতন ভৃত্য’ কবিতায় বুদ্ধিহীন ব্যক্তি অর্থেই ঢেঁকি শব্দটি ব্যবহার করেছেন ‘হুঁকাটি বাড়ায়ে রয়েছে দাঁড়ায়ে বেটা বুদ্ধির ঢেঁকি’।
একই অর্থে অনেকের লেখনিতে ঢেঁকি শব্দের সাবলীল ব্যবহার রয়েছে। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন ‘কেমনে চালাই সব তুমি হলে বুদ্ধির ঢেঁকি’; অথবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন, ‘ভাই ঢেঁকির দল! তোমাদের বিদ্যাবুদ্ধি বুঝিয়াছি’।
মুণ্ডারি ভাষার ‘ডিংকি’ থেকে বাংলায় ঢেঁকি শব্দটি এসেছে। আর ঢেঁকিকল হচ্ছে ঢেঁকির আকৃতিবিশিষ্ট চাপ দিয়ে ওঠানামা করার জন্য বালক-বালিকাদের ক্রিয়াযন্ত্রবিশেষ। অন্যদিকে ঢেঁকিশাক হচ্ছে ভোজ্য শাকবিশেষ। আর ঢেঁকিশাল হচ্ছে ঢেঁকিঘর।
বাংলা ভাষায় একটি প্রতিষ্ঠিত প্রবাদ বাক্য হচ্ছে ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে’। এটার অর্থ ‘যার ভাগ্য মন্দ তার কোনো অবস্থাতেই ভালো কিছু হতে পারে না’।
সোজা কথায়, বাংলা ভাষার শব্দভাণ্ডার বাড়াতে বিশেষত বাগচাতুর্য সৃষ্টিতে আজকের অবহেলিত ঢেঁকির অবদান কম নয়। ঢেঁকি অবতার (নির্বোধ ও অলস ব্যক্তি), ঢেঁকি গেলা (দুঃসাধ্য কাজের দায়িত্ব নেওয়া), ঢেঁকিবাহন দেবতা (নারদমুনি), ঢেঁকি না কুলো (অন্ন সংস্থানের অভাব), ঢেঁকি ভজে স্বর্গে যাওয়া (অসম্ভব ব্যাপার), ঢেঁকির কচকচি (কলহ-বিবাদ বা বৃথা তর্ক), ঘরের ঢেঁকি কুমির (প্রচ্ছন্ন শত্রু), বুকে ঢেঁকির পাড় পড়া (হিংসা অথবা অন্য কোনো কারণে মনোকষ্ট ভোগ) ইত্যাদি তো ঢেঁকিরই অবদান। আর ঢেঁকি নিয়ে একটি বিখ্যাত ধাঁধা হচ্ছে ‘নায় না খায় না, লাথ ছাড়া চলে না’।
ঢেঁকি শুধু লোকগীতি বা লোকপ্রবাদেই নয়, সাহিত্যেও আছে। যন্ত্রটি নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি আকর্ষণীয় গান হচ্ছে:
‘ধান ভানে বউ দুলে দুলে উঠে রূপতরঙ্গে বান
বধূর পায়ের পরশে পেয়েছে কাঠের ঢেঁকির প্রাণ।’
ঢেঁকি-বন্দনায় রবীন্দ্রনাথ ঠাকুরও কম যান না। তিনি লিখেছেন:
‘প্রিয়ে, তোমার ঢেঁকি হলে যেতেম বেঁচে
রাঙা চরণতলে নেচে নেচে।
ঢিপঢিপিয়ে যেতেম মারা, মাথা খুঁড়ে হতেম সারা
কানের কাছে কচ্কচিয়ে মানটি তোমার নিতেম যেচে।’
একই কায়দায় এককালে গ্রামীণ ললনার কণ্ঠে আকুল করা সুরে শোনা যেত:
‘ওই পাড়ার ওই মরার লাতি ধান পাঠালছে,
চাল কিনার মরদ লয় বহুকে খাটাইছে...।’
কিন্তু আঞ্চলিক ভাষায় মেয়েলি কণ্ঠে ধান ভাঙার এই গীতগুলো গ্রামবাংলায় আর তেমন শোনা যায় না। কারণ আবহমান গ্রামবাংলার ঐতিহ্য ঢেঁকি আজ বিলুপ্তির পথে। ঢেঁকির স্থান দখল করে নিয়েছে ধান ভাঙার যান্ত্রিক কল। অথচ এমন এক সময় ছিল, যখন গ্রামবাংলায় এটি কুটির শিল্প হিসেবে টিকে ছিল।
এক সময় ঢেঁকি-ছাঁটা চালও ছিল বেশ জনপ্রিয়। ঢেঁকিতে ধান ভেনে তৈরি করা হতো ‘ঢেঁকি-ছাঁটা চাল’। নিম্ন আয়ের মানুষরা ধান সেদ্ধ করে ঢেঁকিতে ভেনে বাজারে বা মহল্লায় বেচে আয়ের মাধ্যমে সংসার চালাতো। সময়ের ব্যবধানে সেই স্থানটি দখল করে নিয়েছে চাতাল ও চালের কল। বিলুপ্তি ঘটেছে একটি কুটির শিল্পের।
এক সময় গ্রাম বাংলার ললনারা দল বেঁধে পালাক্রমে ঢেঁকিতে পাড় দিতো, আর সমবেত সুরে গীত গাইতো। এটি নিয়ে কত গানই না ছিল বাংলার বাতাসে। ‘ও হলুদ কোটেরে ঢেঁকিতে পাড় দিয়া, ঢেঁকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া...’। কালের বিবর্তনে এসব গানও যেন ঢেঁকির সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে। বলা যায়, যান্ত্রিক ও কৃত্রিমতার যুগে সব কিছুতে মানুষও হয়ে গেছে যান্ত্রিক ও আধুনিক। আর ইতিহাসের উপাদানে পরিণত হয়েছে ঢেঁকি।
বাংলায় সূত্রধরদের হাতেই ঢেঁকির জš§ বলে ধরে নেওয়া হয়। আর সূত্রধরদের চারটি জ্ঞাতি—বর্ধমান, খড়িপেতে, ভাস্কর, মন্দারণ। এই জ্ঞাতিভাগের মধ্যে খড়িপেতেরাই ঢেঁকির কারিগর। এরা মাটিতে কাঠ রেখে চকখড়ি দিয়ে দাগ টেনে কাঠের নানান অবয়ব তৈরি করতেন। তাই এদের নাম হয়েছে খড়িপেতে।
সাধারণত বাবলা কাঠের ঢেঁকি ভালো হয়। নিমকাঠের ঢেঁকিও বেশ টেকসই। কিন্তু ‘দারুব্রহ্ম জগন্নাথ’ যেহেতু নিমকাঠের তৈরি, সেহেতু পা পাড়া ঢেঁকি সাধারণত নিম কাঠে তৈরি হতো না। বাংলায় অপদার্থ অর্থে ‘আমড়া কাঠের ঢেঁকি’ শব্দ-বন্ধটি চালুর বাস্তবতা হচ্ছে পলকা কাঠ দিয়ে ঢেঁকি হয় না, ভারী কাঠ দিয়েই ঢেঁকি তৈরি হয়।
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ক্ষুদ্রঋণের প্রবক্তা দাবি করা হলেও বাংলাদেশ ব্যাংকের ১৯৭৮ সালের সার্কুলার অনুযায়ী প্রথম জামানতবিহীন ক্ষুদ্রঋণ চালু করে বেসরকারি সংস্থা ‘স্বনির্ভর বাংলাদেশ’। পরে বাংলাদেশ ব্যাংকের স্বনির্ভর ঋণদান কর্মসূচির ‘ঢেঁকি ঋণের’ ধারণা থেকে ক্ষুদ্রঋণের বিকাশ হয়েছে। ১৯৭৫ সালের ২৫ সেপ্টেম্বর স্বনির্ভর বাংলাদেশের যাত্রা শুরু হয়। মূলত এ সংস্থাটি ব্যক্তি উদ্যোগে ক্ষুদ্রঋণের ধারণা এনে তা জাতীয়ভাবে সম্প্রসারণে মূল ভূমিকা পালন করেছে।
১৯৭৮ সালের ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের দশটি থানায় পাইলট আকারে আনুষ্ঠানিক ঢেঁকি ঋণের যাত্রা শুরু হয়। সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, পূবালী, উত্তরা ও বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এ ঋণদান কার্যক্রম পরিচালিত হয়। টাঙ্গাইল জেলার কালিহাতির রূপালী ব্যাংকের শাখা থেকে কেচর বিবিকে প্রথম এ ঋণ দেওয়া হয়। তবে ওই সময় ড. মুহাম্মদ ইউনূস একজন অর্থনীতিবিদ মূল্যায়নকারী হিসেবে নীতিনির্ধারণ, গ্রুপ গঠন ও বাস্তবায়ন কর্মকাণ্ডে স্বনির্ভর কর্মসূচির এই ঋণদানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সেই সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন এম নূরুল ইসলাম।
দুঃখজনক হলেও আধুনিক প্রজšে§র কাছে ঢেঁকি আজ অচেনা এক যন্ত্র। এখন নবান্ন আসে নীরবে। কৃষকের বাড়িতে ঢেঁকি নেই, গ্রামের কুলবধূর কণ্ঠে নেই ধানভানা গীত। প্রত্যন্ত গ্রাম ঘুরেও এখন ঢেঁকির সন্ধান পাওয়া কঠিন ব্যাপার। কোনো কোনো বাড়ির রান্নাঘরে এখনো ঢেঁকির সন্ধান মিললেও তাতে ধান বা মসলা ভানা হয় না।
ধরে নেওয়া হয়, যিশু খ্রিস্টের জšে§র বহু আগেই ভারতীয় উপমহাদেশে ঢেঁকির প্রচলন শুরু হয়। হিন্দু দেবতা নারদের বাহন হওয়ার কারণে বুঝতে কষ্ট হয় না, ভারতীয় উপমহাদেশ ঢেঁকির সঙ্গে অনির্ণীত কাল থেকেই পরিচিত ছিল। হয়তো এটির ভিন্ন কোনো নাম ছিল। কিন্তু আমাদের কাছে ঢেঁকি অনার্য শব্দেই পরিচিত হয়েছে।
এই ঢেঁকি নিয়ে বহু কবি-লেখক অসংখ্য লেখা লিখে গেছেন। এই ঢেঁকি দিয়েই তারা নারীদের প্রাধান্য তুলে ধরেছেন। ইউরোপে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের বহুদিন পরও আমাদের দেশে ঢেঁকির প্রয়োজনীয়তা পুরোপুরি বহাল ছিল। এ কারণে বলা হয়, ‘আমাদের দেশে ঢেঁকির প্রচলন খুব বেশিদিন আগে বন্ধ হয়নি। ১৯৮০ সালের দিকে ঢেঁকির প্রচলন দ্রুত কমতে থাকে। এর পরের দু’দশকের ব্যবধানে ঢেঁকির ব্যবহার প্রায় শূন্যের কোঠায় নেমে আসে।’
পুষ্টিবিদরা এটা জোর গলায় দাবি করেন, ‘ঢেঁকিতে ভানা চালে যেসব পুষ্টিকর উপাদান থাকে, তা কলে ভানা চালে থাকে না। ঢেঁকিতে ভানা চাল স্বাস্থ্যের জন্য উপকারী। চালের বাদামি রং বহু রোগের প্রতিরোধক’। কিন্তু তাদের কথায় কান দেওয়ার সময় কোথায় আমাদের?
এক সময় গ্রাম-গঞ্জসহ সব জায়গায় ধান ভানা, চাল তৈরি, চালের গুঁড়ি তৈরি, চিড়া তৈরি, মশলাপাতি ভাঙানোসহ বিভিন্ন কাজের জন্য ব্যাপকভাবে ব্যবহƒত হতো ঐতিহ্যবাহী ঢেঁকি। তখন এটা গ্রামীণ জীবন ও সংস্কৃতির সঙ্গে জড়িত ছিল অপরিহার্যভাবে।
কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ঢেঁকির ছন্দময় শব্দ। এখন শুধু চাল নয় মশলাপাতিও মেশিনের মাধ্যমে কুটানো হয়। ব্লেন্ডার মেশিনের সাহায্যে ঘরে বসেই মসলা গুঁড়ো করা সম্ভব হচ্ছে। আমাদের পরবর্তী প্রজন্মকে হয়তো জাদুঘরে গিয়ে জানতে হবে ঢেঁকি কী জিনিস এবং এটার মাধ্যমে কোন ধরনের কাজ করা হতো।
প্রাচীনকালে এই দেশে দু’ধরনের ঢেঁকি ছিল—ঢেঁকি ও উদুখল। তবে ঢেঁকিই বেশি পরিচিত।
ঢেঁকি কাঠের তৈরি একটি বিশেষ গৃহস্থালি যন্ত্র। এটা দৈর্ঘে সাড়ে তিন থেকে চার হাত। চওড়া প্রায় পৌনে এক হাত। এর তিনটি অংশ মাথা, মাঞ্জা ও নিম্নদেশ। মাথাটি সামান্য সরু। মাথায় হাতির শুঁড়ের মতো একটি দণ্ড, মাঞ্জায় থাকে কপিকলের মতো যন্ত্র। দণ্ডের তলদেশে লোহার গোলা বা পাত। গোলের মুখ যেখানে স্থাপিত হয় সেখানে থাকে পাথরের মসৃণ গর্ত। এই গর্ত অথবা গর্তে স্থাপিত কাঠের স্থির ঘাই-এর মধ্যে দেওয়া হয় ধান। ঢেঁকির পেছনে পা দিয়ে আঘাত করলে সামনের দিকটা ওঠানামা করে। এতে ধানের ছাল ওঠে, চাল বের হয়। এর মধ্যে আবার থাকে খুদ বা চালের কণা, তুষ প্রভৃতি। এক বা দুজন ঢেঁকিতে পাড় দেয়, একজন অত্যন্ত নিপুণভাবে গোলার নিচে হাত দিয়ে ধান নাড়াচাড়া করে দেয়। পাড় সম্পন্ন হলে কুলা দিয়ে তুষকণা ঝেড়ে বের করা হয় নিটোল চাল।
ঢেঁকির জ্ঞাতি ভাই হচ্ছে ঘাইল-ছিয়া। অজপাড়াগাঁয়ে এখনো দুই চারটে ঘাইল-ছিয়া দেখা যেতেও পারে। অথচ এক সময় এই বস্তুটি ঢেঁকির মতোই ধনী-গরিব সবার ঘরেই ছিল।
ঘাইল শক্ত কাঠের গাছের গোড়ার ভাগ দিয়ে তৈরি হতো। ঘাইল অনেকটা পাত্র বা গামলার মতো। গোলাকার কাঠ খোদাই করে এটা বানানো হতো। ঘাইলের মাঝের অংশ ছিল কোমরের মতো সরু। নিচের দিকটা হচ্ছে ওপরের অংশের মতই গোলাকার চাকতির মতো, যাতে এটা সহজে স্থানচ্যুত না হয়।
অঞ্চলভেদে কাকাইল, কাহাইল, গাছা, গাইন ইত্যাদি নামে পরিচিত ঘাইলের অবিচ্ছেদ্য জুটি হলো ছিয়া। এটি শক্ত কাঠের তৈরি গোলাকার দণ্ডবিশেষ। সাধারণত তিন সাড়ে তিন ফুট লম্বা এ দণ্ডের নিচের প্রান্তে লোহার পাত আটকানো থাকে, যা গোলাইল নামে পরিচিত। এটি খাঁজ কেটে বিশেষ কায়দায় বসানো থাকে বলে খুলে পড়ার আশঙ্কা কম। এক সময় প্রবাদ প্রচলিত ছিল ‘বিয়ার বছর ছিয়া দিয়া ভার বয়’। ছিয়ারও অঞ্চলভেদে নানা নাম হচ্ছে ছিয়াইট, যাতা, উড়ন ইত্যাদি।
ঢেঁকির বিকল্প বা পরিপূরক হিসাবে ঘাইল-ছিয়া ব্যবহৃত হতো। কারণ এই যন্ত্র যে কোনো জায়গায় আনা-নেওয়া করা যায়। ঢেঁকি নির্দিষ্ট জায়গায় স্থির থাকে। ঘাইলে ধান, চাল বা মূল দ্রব্যটি ফেলে এক বা একাধিক মহিলা ছিয়া হাতে পাড় দিতেন তালে তালে। নারীরা শাড়ির আঁচল কোমরে পেঁচিয়ে অনবদ্য দক্ষতায় ঘাইলে ছিয়া দিয়ে অবিরাম পাড় দিতেন।
নারদের বাহন হওয়ার কারণে ঢেঁকি অনায়াসে ‘সত্যযুগের মাল’ দাবি করা যায়। কিন্তু সেই ঢেঁকিই এখন বাঙালির ঐতিহ্যের ‘অ্যানটিকস’।
নোয়াখালীর এক লোকধাঁধায় ঢেঁকি ফুটে উঠেছে বাস্তবধর্মী ব্যঞ্জনায়:
‘শুঁড় দি লাড়িচাড়ি নয় আমি আঁতি
যর লাই খাডি মরি হে দেয় লাতি।’
অর্থাৎ শুঁড় দিয়ে নাড়াচাড়া করলেও আমি হাতি নই। যার জন্য খেটে মরছি, সেই আমাকে লাথি মারে।
আরেকটি লোকধাঁধায় বলা হয়েছে আরও চমৎকারভাবে:
‘লাল লাল পক্ষী লাল ধান খায়
লেজের মইদ্যে হাঁড়া দিলে মাতা উডাই চায়’।
অর্থাৎ এখানে ঢেঁকিকে লাল পাখি আখ্যা দিয়ে বলা হয়েছে এটা লাল ধান মানে সেদ্ধ ধান ভানে। আর ঢেঁকির লেজের ওপর পা দিয়ে চাপ দিলে মাথা উঠায়।