যশোর, বাংলাদেশ || শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চারপাশ

কাক পরকীয়াবিরোধী

জিয়াউদ্দিন সাইমুম

, ঢাকা

প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ১২:০০ পিএম
কাক পরকীয়াবিরোধী

ছোটবেলায় কোথায় যেন পড়েছিলাম ‘কলিকাতার কানাই কর্মকারের কনিষ্ঠা কন্যা কাকলী কর্মকার, কপাল কুঞ্চিত করিয়া, কাকা কেদার কর্মকারকে কানে কানে কহিলো, কাকা কুঞ্জে কৃষ্ণ-কালো কোকিল কাকুতি করিতে করিতে কুহু কুহু করিলেও কলিকাতার কালো কাক, কোকাইতে কোকাইতে কোনো কারণে কা-কা করে? কোন কাল থেকে কাকেরা কা-কা করিয়া কাকে কা-কা কহিতেছে? কাকেদের কাকা কে? কেদার কাকা কহিলেন—কন্যা, কপাল কুঞ্চিত করিতেছো কেন? কোকিল কুহু কুহু করিলেও কাক কা-কা করিবেই, কেননা কা-কা করাই কাকের কাজ, কাজেই কাক কা-কা করে। কাকের কপালে কা-কা করাই কঠিন কর্তব্য।’

বড় হয়ে জানলাম সংস্কৃত ‘কৈ’ বা ‘কা’ শব্দের সঙ্গে ‘কন্’ প্রত্যয়যোগে তৈরি হয়েছে ‘কাক’ শব্দটি। এটার অর্থ ‘যে কৈ কৈ বা কা কা করে’।

কাকের বনেদি সংস্কৃত নাম হচ্ছে বায়স। প্রকৃতির সম্মার্জনী বা প্রকৃতির ঝাড়ুদার হিসেবে পরিচিত কাকের বায়স নামটি রামায়ণ ও মহাভারতে বারবার এসেছে। বায়স মানে ‘যার বয়স বোঝা যায় না’।

কাকের বেলায় ব্যাপারটি মিথ্যা নয়। কারণ একটু বড় হওয়ার পরই কাকের চেহারা দেখে বোঝার উপায় থাকে না যে, বাড়ির পাশে সেলুলার ফোনের টাওয়ারটিতে বসে থাকা কাকটির এখন যৌবন নাকি বার্ধক্য চলছে।

প্রকৃতিতে কাকের মতো পরকীয়াবিরোধী পাখি সম্ভবত আর নেই! কোনো কারণে সঙ্গীটি মারা গেলে কাক আর দ্বিতীয় সঙ্গী কোনোদিনই বেছে নেয় না। আবার একবার সন্তান জন্ম দেওয়ার পর কাক দ্বিতীয়বার সন্তান জন্ম দেয় না। এ কারণে কাকের উপাধি ‘সকৃৎপ্রজা’ (সকৃৎ মানে এক আর প্রজা মানে সন্তান)। মাত্র এক সন্তান জন্মদানকারী নারীকেও আমরা তাই বলি ‘কাকবন্ধ্যা’ বা ‘সকৃৎগর্ভা’ বা ‘সকৃৎপ্রজা’।

হিন্দুপুরাণ মতে, মহর্ষি কশ্যপ ও তার স্ত্রী তাম্রার সন্তান কাকী থেকেই পৃথিবীতে সব কাকের জন্ম। অবশ্য পুরাণে যে ভুষণ্ডিকাকের কথা বলা হয়েছে, ওটা ত্রিকালযজ্ঞ। এখনো নাকি মরেনি! পৃথিবীকে পাঁচবার জলমগ্ন হতে দেখেছে এই কাক। বারো বার দেখেছে সমুদ্রমন্থন। পরশুরাম ও রামের ছয়বার জন্মগ্রহণের সাক্ষী এই কাক।

বাংলা ভাষার প্রবাদ—তোরঙ্গটি খুলুন। প্রথমেই হয়তো পাবেন প্রসিদ্ধ সেই আপ্তবাক্য ‘কাকের মাংস কাক খায় না’। আবার আকস্মিক যোগাযোগজাত কোনো ঘটনা বোঝাতে আমরা ‘কাকতালীয়’ শব্দটি প্রয়োগ করি। একই সময়ে কাক ওড়া আর গাছের পাকা তাল বৃন্তচ্যুত হয়ে নিচে পড়ার ঘটনাকে কাকতালীয় বলা হয়। তবে কাক নিয়ে অনেক শব্দবন্ধ ও প্রবাদ আমরা মওকা মতো বলতে ভালোবাসি। যেমন: কাক-কাঁকুড় জ্ঞান (উচ্চারণে সাদৃশ্য থাকলেও কোনো দুটি শব্দের ভেদজ্ঞান), কাকচক্ষু (কাকের চোখের মতো স্বচ্ছ), কাক-কোকিল ভেদ (ভালোমন্দ ভেদজ্ঞান), কাক-জ্যোৎস্না (কাকের ডিমের মতো সাদা-কালোয় মেশানো পাংশুবর্ণ জোছনা), কাকনিদ্রা বা কাকতন্দ্রা (কপট ঘুম বা অগভীর সতর্ক ঘুম), কাকপক্ষ (জুলফি), কাকপুষ্ট (কোকিল), কাকফল (নিমগাছের ফল), কাকবন্ধ্যা (যে নারী মাত্র একটি সন্তান জন্ম দেয়), কাকভীরু (পেঁচা), কাকভোর (খুব সকাল), কাক-রায়ে বসে শেয়াল-রায়ে ওঠা (সকালে বসে সন্ধ্যায় ওঠা), কাকের ঠ্যাং বগার ঠ্যাং (খারাপ ছাঁচের হাতের লেখা), কাকের বাসায় কোকিলের ছা (একের বাড়িতে অন্যের মানুষ হওয়া), তীর্থের কাক (অপরের দানের আশায় অপেক্ষাকারী ব্যক্তি)। এসব শব্দবন্ধ ও প্রবাদ কাকের বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণের সামাজিক দলিল। সোজা কথায়, কাকের সঙ্গে আমাদের শুধু প্রাকৃতিক সম্পর্কই নয়, সাংস্কৃতিক সম্পর্কও রয়েছে।

কাকদের মধ্যে কেউ বুড়ো বয়সে অন্ধ হয়ে গেলেও তাকে মরতে হয় না অনাহারে। কারণ তরুণ কাকরা তাদের খাওয়ায়, খাবার এনে দেয়।

পৃথিবীতে সব কাকের গায়ের রং কিন্তু কালো নয়। কোনো কোনো কাকের পালক সাদা, ধূসর ও বাদামি রঙের হয়।

বিস্ময়কর হলেও পৃথিবীতে এমন কিছু প্রজাতির কাক আছে, যারা খাদ্যসঙ্কটে পড়লে শুধু খাবার সংগ্রহের জন্য অন্য পাখির কণ্ঠ হুবহু নকল করে।

কাকের সবচেয়ে বাজে অভ্যাস হচ্ছে, একটি আরেকটির সঙ্গে সম্পর্ক স্থাপনে ব্যর্থ বা অসমর্থ হলে যে কোনো উপায়ে তাকে হত্যার চেষ্টা করে।

কা-কা ধ্বনি কাকের সবচেয়ে পরিচিত ডাক। কাক নিয়ে সুকুমার রায়ের মজার গল্পের নাম হচ্ছে ‘দ্রিঘাংচু’।

কাক কর্ভাস গোত্রের মাঝারি আকৃতির পাখি। কাকের উদ্ভব মধ্য এশিয়ায়। সেখান থেকে এটি উত্তর আমেরিকা, আফ্রিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়া মহাদেশে ছড়িয়ে পড়ে। এটাকে পাখিজগতের সর্বাপেক্ষা বুদ্ধিমান বলে মনে করা হয়। অথচ কোকিল বাসায় ডিম পাড়লেও কাক তা বুঝতে পারে না। তবে কোকিল কেন অন্য পাখির বাসায় ডিম পাড়ে এর বিবর্তনিক ব্যাখ্যা দিতে গিয়ে চার্লস ডারউইন পড়েছিলেন মহাবিপাকে।

আমাদের দেশে সাধারণত দুই ধরনের কাক বেশি দেখা যায়। এরা হলো দাঁড় কাক (ঘোর কৃষ্ণ বর্ণে আচ্ছাদিত) ও পাতি কাক (ঘাড়, গলা, পিঠ ও বুক ছাই রংয়ে আচ্ছাদিত আর লেজ, ডানা, মাথা কালো কুচকুচে)। এছাড়াও সাধারণ দাঁড় কাক, অস্ট্রেলীয় দাঁড় কাক, বুনো দাঁড় কাক, ছোট দাঁড় কাক, মোটা ঠোঁটের দাঁড় কাক, সাদা ঘাড়ের দাঁড় কাক, বাদামি ঘাড়ের দাঁড় কাক, চিহুয়াহুয়ান দাঁড় কাকও আমাদের দেশে দেখা মেলে।

কাক মরা ইঁদুর, বিড়াল, পচা-বাসি খাবার নিয়মিত পরিষ্কার করে। কারণ ওগুলোই যে তাদের খাবার। আর এসব দূষিত খেয়েও হজম করতে কোনো বেগ পেতে হয় না এদের। শরীর থেকে সব সময় বিশ্রী গন্ধ বের হয়। অথচ এরা কখনই গোসল করা বাদ দেয় না। ঘরে ফেরার আগে নদী, পুকুর বা ডোবার কাছে গিয়ে পা, মাথা পরিষ্কার করে, ঠোঁট দিয়ে পানি তুলে পাখা ধোয়।

এরা একটু নির্জন গাছ ঠিক করে রাখে রাত কাটানোর জন্য। আর সন্ধ্যা হলেই ওই গাছের ডালে গিয়ে বসে। শীতের রাতে আর প্রবল বৃষ্টিতেও গাছের ডালে বসে থাকে। ভোরের আলো ফুটতে না ফুটতেই এরা কা কা ররে লোকালয় মুখর করে।

কাক সাবান চুরিতে নাকি ওস্তাদ। সুযোগ পেলেই তারা সাবান চুরি করে। বলা হয় এই সাবান তারা লুকিয়ে রাখে এবং লুকিয়ে রাখার সময় তারা নাকি চোখ বুজে থাকে, যাতে কেউ দেখে না ফেলে চুরি করা সাবান কোথায় লুকানো হচ্ছে। তবে কাকের সাবান চুরি নিয়ে জম্পেশ কৌতুকটি নাসিরুদ্দিন হোজ্জার।

হোজ্জার স্ত্রী নদীতে কাপড় ধুতে গেছেন। মওকা পেয়ে এক কাক সাবান নিয়ে উড়াল দিলো। স্ত্রী হোজ্জাকে আদেশ দিলেন ‘ওই কাকের পেছনে দৌড়াও, সাবানটা যে গেল!’

‘ওরই সাবানটা বেশি দরকার’ নির্লিপ্ত কণ্ঠে হোজ্জার জবাব।

‘এসব কী বলছো? ওর দরকার বেশি হতে যাবে কেন?’ স্ত্রী ঝাঁঝালো কণ্ঠে জানতে চাইলেন।

‘দেখছো না, ওর কাপড়গুলো তোমার কাপড়ের চেয়ে বেশি কালো হয়ে গেছে’ হোজ্জা হাসতে হাসতে জবাব দিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন