অভয়নগর (যশোর) প্রতিনিধি
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে যশোরের অভয়নগরে বর্ণাঢ্য র্যালি ও বিনামূল্যে চোখের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকালে নওয়াপাড়া ফায়ার সার্ভিস স্টেশনসংলগ্ন ‘পিয়া চক্ষু হাসপাতাল’ এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সকালে হাসপাতাল চত্বর থেকে একটি র্যালি বের হয়ে যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে দিনব্যাপী হাসপাতালে আগত রোগীদের বিনামূল্যে চোখের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
পিয়া চক্ষু হাসপাতালের চেয়ারম্যান চক্ষুবিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. খন্দকার শারমিন আহমেদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স প্রমুখ।
অনুষ্ঠানে ডা. নজরুল ইসলাম বলেন, বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র্যালি ও দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবার পাশাপাশি চোখের বিভিন্ন সমস্যা প্রতিরোধে করণীয় বিষয়ে রোগীদের সচেতন করা হয়েছে।
বিশেষ করে শিশুদের চোখের সুরক্ষায় মোবাইল ফোনের ব্যবহার নিয়ন্ত্রণে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।