মাগুরা প্রতিনিধি
ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধ এবং পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে মাগুরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। এটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার শামীম কবির।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, পৌর প্রশাসক ইমতিয়াজ আহমেদ, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মহসিনউদ্দিন ফকির, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, বিশিষ্ট চিকিৎসক মেহেদী হাসান ও আফজাল হোসেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাক্তার দেবপ্রিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান।
বক্তারা বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, ফুলের টব, পরিত্যক্ত পাত্রসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
র্যালিতে জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
আয়োজকরা জানান, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতার কোনো বিকল্প নেই। তাই নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসতে হবে।