যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

৬৩০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর,২০২৬, ১০:১৯ এ এম
৬৩০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি লেনদেন প্ল্যাটফর্ম বিন্যান্সে প্রায় ৬৩০ কোটি ডলারের তহবিল চুরি হয়েছে। বৃহস্পতিবার এক নিরাপত্তাজনিত ঘটনার কথা জানিয়ে প্রতিষ্ঠানটি বলেছে, প্রাথমিক তদন্তে হ্যাকিংয়ের প্রমাণ পাওয়া গেছে। এই ঘটনাকে ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি চুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনার পর বিন্যান্সে অর্থ জমা ও উত্তোলন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, চুরি হওয়া অর্থের মধ্যে প্রায় ৩০০ কোটি ডলার জব্দ করা সম্ভব হয়েছে। তবে ব্যবহারকারীদের অর্থ নিরাপদ রয়েছে এবং চুরির ঘটনায় হওয়া সব ক্ষতি প্রতিষ্ঠানটি নিজেই বহন করবে।

বিন্যান্সের প্রাথমিক তদন্তে দেখা গেছে, এক প্রকৌশলীর ল্যাপটপের নিয়ন্ত্রণ নিয়ে হ্যাকার অননুমোদিত লেনদেন সম্পন্ন করেন। ওই ল্যাপটপটি আগে থেকেই হ্যাকারের নিয়ন্ত্রণে ছিল বলে ধারণা করা হচ্ছে।

আল–জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে বিন্যান্স বলেছে, ‘সমস্যাটি নিরাপদে ও পুরোপুরি সমাধানের জন্য আমাদের দল দিনরাত কাজ করছে।’ প্রতিষ্ঠানটি আরও জানায়, অপরাধীদের পরিচয় শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চলছে। তদন্ত শেষ হলে ঘটনার কারিগরি দিক নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।

ব্লকচেইন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান টিআরএমের মূল্যায়ন, এই হামলার পেছনে উত্তর কোরিয়ার হ্যাকার গোষ্ঠী ট্রেডারট্রেইটারের হাত থাকার বিষয়ে তাদের ‘উচ্চমাত্রার আস্থা’ রয়েছে। ঘটনাটি নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি বলেছে, অনলাইন ও অফলাইন—দুই ধরনের শক্তিশালী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা এ মূল্যায়নে পৌঁছেছে।

বিন্যান্সের প্রতিষ্ঠাতা ও সবচেয়ে বড় শেয়ারধারী চ্যাংপেং ঝাওও এর আগে প্রতিষ্ঠানটিতে হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘আমি এখন আর বিন্যান্সের কার্যক্রম পরিচালনা করি না। তবে একজন শেয়ারধারী হিসেবে আশা করি, ব্যবহারকারীদের সব অর্থের ক্ষতিপূরণ দেওয়া হবে।’ ২০২৩ সালে প্রধান নির্বাহীর পদ ছাড়ার পর থেকে তিনি প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনার দায়িত্বে নেই।

এই ঘটনার পর বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম প্রায় ৫ শতাংশ কমে যায়। একপর্যায়ে এর দাম ৭৭ হাজার ডলারের নিচে নেমে আসে।

অস্ট্রেলিয়ার সিডনিতে ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয়ের ক্রিপ্টোকারেন্সি বাজারবিষয়ক বিশেষজ্ঞ শন ফোলি আল–জাজিরাকে বলেন, বিন্যান্স বিশ্বের বৃহত্তম কেন্দ্রীয়ভাবে পরিচালিত ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্মগুলোর একটি। ফলে প্রতিষ্ঠানটির ওপর আস্থায় বড় ধরনের ধাক্কা লাগলে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যেও আস্থার সংকট তৈরি হতে পারে। এতে ক্রিপ্টো সম্পদের দাম কমে যাওয়ার ঝুঁকি রয়েছে।

ফোলির মতে, এই হামলা কেন্দ্রীয়ভাবে পরিচালিত ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্মগুলোর নিরাপত্তাঝুঁকিও সামনে এনেছে। এর ফলে আরও বেশি লেনদেনকারী বিকেন্দ্রীভূত প্ল্যাটফর্ম ব্যবহারে আগ্রহী হতে পারেন। তিনি বলেন, ‘কেন্দ্রীয়ভাবে পরিচালিত কোনো বিনিময় প্ল্যাটফর্মে রাখা সম্পদের নিরাপত্তা নির্ভর করে ওই প্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থার ওপর। আর কোনো প্রতিষ্ঠানের কাছে যত বেশি সম্পদ থাকবে, সেটি হ্যাকারদের কাছে তত বড় লক্ষ্যবস্তু হয়ে উঠবে।’

এই চুরির পরিমাণ আগের সব ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনাকে ছাড়িয়ে গেছে। এর আগে ২০২৫ সালে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত হ্যাকার গোষ্ঠী লাজারাস গ্রুপ প্রায় ১৫০ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ চুরি করেছিল।

বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান টিআরএমের তৈরি ২০২৬ সালের ক্রিপ্টো অপরাধবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে প্রায় ১৫০টি হ্যাকিংয়ের ঘটনায় সাইবার অপরাধীরা মোট ২৮৭ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ চুরি করে।

২০১৭ সালে চীনে চ্যাংপেং ঝাওয়ের হাত ধরে বিন্যান্সের যাত্রা শুরু হয়। কয়েনমার্কেটক্যাপের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় প্রায় ১৫ হাজার ৫০০ কোটি ডলারের সম্পদ রয়েছে। অন্য যেকোনো ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্মের তুলনায় এই পরিমাণ বেশি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)