সুবর্ণভূমি ডেস্ক
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার জোট সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদলগুলোকে আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে জোট গঠনের আহ্বান জানিয়েছেন তেল আবিবের হাজারো মানুষ। রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ করে তারা এ আহ্বান জানান।
বিক্ষোভকারীদের দাবি, সরকার গঠনের জন্য বিরোধীদের হাতে এখন ৬৭টি আসনের সমর্থন রয়েছে। এর মধ্যে ফিলিস্তিনি-ইসরায়েলিদের নেতৃত্বাধীন দলগুলোর ১৯ আসনও রয়েছে।
বিক্ষোভে আবেগঘন পরিবেশ দেখা গেছে। বিরোধী নেতাদের উদ্দেশে বিক্ষোভকারীরা বলেন, পরিবর্তনের এই সুযোগ কাজে লাগাতে হবে। নির্বাচনের ফলাফলের ভিত্তিতে সরকার পরিবর্তন সম্ভব হবে বলে তাদের প্রত্যাশা।
তবে ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট ফিলিস্তিনি-ইসরায়েলিদের নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে আলোচনা করতে কিংবা সরকার গঠনে তাদের সমর্থনের ওপর নির্ভর করতে চাননি। বিক্ষোভকারীদের মতে, আইজেনকোটসহ ইহুদি-ইসরাইলি দলগুলোর নেতাদের জনগণের কণ্ঠস্বর শুনতে হবে।
নির্বাচনের ফলাফলের পর সরকার গঠনে এই দলগুলোর সমর্থন নেওয়া প্রয়োজন হয়ে পড়েছে। নেতানিয়াহু ও তার জোটসঙ্গীদের সঙ্গে সরকার না গড়ার প্রতিশ্রুতি রাখতে চাইলে আইজেনকোটকে এ বাস্তবতার মুখোমুখি হতে হবে।
অন্যদিকে নেতানিয়াহুর জোটের সমর্থকেরাও বিক্ষোভ করেছেন। ডানপন্থি এসব বিক্ষোভকারী সরকারে তথাকথিত সন্ত্রাসীদের অন্তর্ভুক্ত করার বিরোধিতা করেছেন।
ইসরায়েলের ডানপন্থি মহলে ফিলিস্তিনি-ইসরায়েলিদের নির্বাচনে ঐতিহাসিক অংশগ্রহণকে ‘নির্বাচনি সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে বিতর্ক চলছে। এমনকি ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার সঙ্গে এই অংশগ্রহণের তুলনা করছেন কেউ কেউ।
বর্তমানে ইসরায়েলের সরকার গঠনের প্রক্রিয়ায় ফিলিস্তিনি-ইসরায়েলিদের ভোট ও রাজনৈতিক অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
আইজেনকোট সরকার গঠনের আলোচনা শুরুর জন্য প্রয়োজনীয় সুপারিশ বা সমর্থন পাবেন কি না, তা অনেকটাই নির্ভর করছে এসব দলের ভোটের ওপর।
সূত্র: আলজাজিরা