পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা থানা-পুলিশের তাৎক্ষণিক তৎপরতা ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় হ্যাকিংয়ের মাধ্যমে খোয়া যাওয়া ছয় লাখ ২০ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশের বিশেষ উদ্যোগে পুরো টাকা ফেরত পেয়েছেন ভুক্তভোগী ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) মাহাবুর রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহীর মতিহার এলাকার বাসিন্দা মাহাবুর রহমান গত চার বছর ধরে পাইকগাছায় কর্মরত আছেন। সোনালী ব্যাংকের রাজশাহী মোহনপুর মৌগাছী শাখায় তার একটি ব্যাংক হিসাব রয়েছে, যা তিনি মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালনা করতেন। গত ২৯ অক্টোবর সন্ধ্যায় তার মোবাইল ফোনে একটি 'আপডেট' চাইলে তিনি তা সম্পন্ন করেন। এর ৪৫ মিনিট পর ফোনটি সচল হলে তিনি ব্যাংক হিসাব থেকে ছয় লাখ ২০ টাকা স্থানান্তরের দুটি বার্তা পান।
অজ্ঞাত প্রতারক চক্র তার ফোন হ্যাক করে এই টাকা সরিয়ে নেয়।
এ ঘটনায় পাইকগাছা থানায় অভিযোগ দিলে এসআই একরামের নেতৃত্বে পুলিশ তদন্তে নামে। পুলিশের দ্রুত পদক্ষেপ ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় প্রতারক চক্র টাকাটি উত্তোলন করতে ব্যর্থ হয় এবং একপর্যায়ে পুরো টাকা ভুক্তভোগীর হিসাবে ফেরত আসে।
পাইকগাছা থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির এই তথ্য নিশ্চিত করেছেন।