বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
বাঘারপাড়ায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ নেতা উপজেলার সাবেক চেয়ারম্যান এবং ইউপি চেয়ারম্যানসহ ৪০ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হয়।
সোমবার (২ নভেম্বর) মামলাটি দায়ের করেন উপজেলার দোহাকুলা গ্রামের বাসিন্দা মৃত গোলাম রসুল শিকদারের ছেলে মনিরুল ইসলাম (৪৬)।
মামলার এজাহারে উল্লিখিত আসামিদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জেলা কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজি, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, বাসুয়াড়ি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান সরদার, একই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ সরদার, নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবলু কুমার সাহা, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজীদ হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
মামলার এজাহারে উল্লেখ রয়েছে, আসামিদের মধ্যে কয়েকজনকে পলাতক দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯'র ৬, ৭, ১০, ১১ ও ১২ ধারায় মামলা রুজু করা হয়েছে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান মামলার বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, 'এ মামলায় চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।