সুবর্ণভূমি ডেস্ক
ইসরাইলের প্রধান বিমানবন্দর ‘বেন গুরিয়ন’ মার্কিন সামরিক বাহিনী ব্যবহার করায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে তেল আবিব। মার্কিন সামরিক বিমানের লাগাতার উপস্থিতির কারণে গত দুই মাসে ইসরাইলের প্রায় ২৪৮ মিলিয়ন (২৪ কোটি ৮০ লাখ) মার্কিন ডলার আর্থিক ক্ষতি হয়েছে। ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম 'কান' এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইসরাইল এয়ারপোর্টস অথরিটির মহাপরিচালক শ্যারন কেদমির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমানের উপস্থিতির কারণে বিমানবন্দরটি বর্তমানে তার স্বাভাবিক ধারণক্ষমতার মাত্র এক-তৃতীয়াংশ (প্রায় ৩০ শতাংশ) কার্যক্ষমতা নিয়ে চলছে।
পরিস্থিতির ভয়াবহতা উল্লেখ করে শ্যারন কেদমি বলেন, 'আমরা আমাদের সক্ষমতার শেষ সীমায় পৌঁছে গেছি। ওয়াশিংটনের সামরিক অভিযানের কারণে বিমানবন্দরের পার্কিং স্পেস এবং অন্যান্য জরুরি সরঞ্জাম বেদখল হয়ে গেছে। ফলে বিমানবন্দরের প্রায় ৭০ শতাংশ বাণিজ্যিক কার্যক্রম সীমিত করতে বাধ্য হয়েছি।'
কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, বর্তমান পরিস্থিতি এভাবে চলতে থাকলে বিমানবন্দর খাতের এই ক্ষতির পরিমাণ দ্রুতই বিলিয়ন ডলার স্পর্শ করতে পারে। একই সাথে আগামী দিনগুলোতে ইসরাইলগামী ও ইসরাইল থেকে ছেড়ে যাওয়া আরও অসংখ্য বাণিজ্যিক ফ্লাইট বাতিলের ঘোষণা আসতে পারে, যা দেশটির অর্থনীতি ও পর্যটনে বড় ধস নামাবে।
সূত্র: মিডল ইস্ট আই