খুলনা অফিস
খুলনা মহানগরীর সদর থানাধীন টুটপাড়া বালুর মাঠ দারোগার বস্তি এলাকায় নয়ন শেখ (২৫) নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলি তার ডান পায়ের রানে বিদ্ধ হয়েছে।
পুলিশ জানিয়েছে, আহত যুবক হত্যা ও মাদকসহ একাধিক মামলার আসামি। গত মঙ্গলবার (২৬ মে) রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে এই ঘটনা ঘটে। খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহত নয়ন শেখ লবণচরা থানার আশিবিঘা এলাকার নুলয় শেখের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় ‘নূর আজিম গ্রুপ’-এর সক্রিয় সদস্য হিসেবে পরিচিত ধলু, নাহিদ (২৮), হাসান (২৫) এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জন সন্ত্রাসী মাস্ক ও ক্যাপ পরিহিত অবস্থায় দারোগার বস্তি এলাকায় আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা নয়ন শেখকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি তার ডান পায়ের রানে গিয়ে লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
এ সময় গুলির বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা অস্ত্র উঁচিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় নয়নকে উদ্ধার করে রাত ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি বিভাগের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে জনাকীর্ণ এলাকায় এমন প্রকাশ্য গুলির ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে থানা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আহত যুবকের বিরুদ্ধে আগের একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। অভ্যন্তরীণ কোনো কোন্দল বা পূর্ব শত্রুতার জেরে এই হামলা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।